তারেক রহমানের জন্মদিনে ড্যাবের মানবিক উদ্যোগ

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কুরআন খতম, দোয়া মাহফিল ও বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এ কর্মসূচির আওতায় রাজধানীর দিলুরোডের জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন সংগঠনটির চিকিৎসকেরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু, সাংগঠনিক সম্পাদক ডা. বাসেদুর রহমান সোহেল ও সহদপ্তর সম্পাদক ডা. কায়সার ইয়ামিন ইষাদ। এ ছাড়া হাতিরঝিল থানা বিএনপির সাবেক সভাপতি মো. আমীর হোসেন এবং বিএনপি নেতা আবুল কালাম আজাদসহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতা ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

এ সময় ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, জন্মদিনের মতো বিশেষ উপলক্ষকে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাসেবা মানুষের মৌলিক প্রয়োজন। সুবিধাবঞ্চিত মানুষ ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো চিকিৎসকদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ড্যাবের নেতারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংগঠনটি বিভিন্ন সময়ে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগের মাধ্যমে তাদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে মানবিক সম্পর্ক জোরদার হবে।

কর্মসূচির শেষ পর্যায়ে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। ড্যাব এ কর্মসূচির আয়োজন করে।

 
সর্বশেষ সর্বাধিক পঠিত