তুরস্কের এসকিশেহির প্রদেশে প্রশিক্ষণ চলাকালে দেশটির বিমানবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ দুর্ঘটনার কথা জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সি।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এসকিশেহিরে প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় বিমানবাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারে থাকা পাঁচ সেনা প্রাণ হারান।
বিবৃতিতে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের পরিবারের সদস্য, তুর্কি সশস্ত্র বাহিনী এবং দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে দুর্ঘটনায় নিহত সেনাদের মৃত্যুর খবর তাঁদের পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন সামরিক কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে বিভিন্ন এলাকায় তাঁদের বাড়িতে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় নিহতদের বাড়ি ও আশপাশের সড়কে তুরস্কের জাতীয় পতাকা টাঙানো হয়।
নিহতদের মধ্যে ৪১ বছর বয়সী মুহাম্মেদ নুরুল্লাহ এরারস্লান ছিলেন দুই সন্তানের জনক। তাঁর বাড়ি কায়সেরি প্রদেশের মেলিকগাজি জেলার হুররিয়েত এলাকায়। তাঁর মৃত্যুর খবর পেয়ে স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে ভিড় করেন। পরিবারের সদস্যদের প্রয়োজনে বাড়ির সামনে চিকিৎসক দলও প্রস্তুত রাখা হয়।
নিহতদের আরেকজন ৩৩ বছর বয়সী বিমানবাহিনীর পাইলট লেফটেন্যান্ট হালিল কারাবুলুত। সিভাসে তাঁর পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছে দেন স্থানীয় প্রশাসন ও সামরিক কর্মকর্তারা। এ সময় তাঁর বাবা কাদির ও মা হুলিয়ার প্রতি সমবেদনা জানান কর্মকর্তারা। কারাবুলুতও দুই সন্তানের জনক ছিলেন।
এ ছাড়া ৪৪ বছর বয়সী ভলকান দেমিরহান ছিলেন তিন সন্তানের বাবা। তাঁর বাড়ি সারায়কয় জেলার তুরান এলাকায়। তাঁর বাবা চেঙ্গিজ ও মা বিলগিকে ছেলের মৃত্যুর খবর জানান সামরিক ও প্রশাসনিক কর্মকর্তারা। খবর পেয়ে স্বজন ও প্রতিবেশীরা তাঁদের বাড়িতে ছুটে যান।
নিহত অন্য দুজন হলেন বিমানবাহিনীর পাইলট কর্নেল মেহমেত চোল এবং সিনিয়র সার্জেন্ট মেহমেত আলপ গুরদাগ। তাঁদের পরিবারের কাছেও মৃত্যুর খবর পৌঁছে দেওয়া হয়েছে।
প্রাদেশিক পরিবার ও সামাজিক সেবা অধিদপ্তরের কর্মকর্তা এবং সামরিক বাহিনীর প্রতিনিধিরা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। দুর্ঘটনায় নিহত সেনাদের বাড়িগুলোতে জাতীয় পতাকা টাঙানো হয়। পাশাপাশি পরিবারের সদস্যদের শারীরিক পরিস্থিতির কথা বিবেচনায় বাড়ির সামনে চিকিৎসক দলও প্রস্তুত রাখা হয়।
হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।