নতুন মজুরিকাঠামোয় সবচেয়ে বেশি বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডের শ্রমিকদের মজুরি। এ গ্রেডে ৬ হাজার ৪৬৫ টাকা বাড়িয়ে মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগে এ গ্রেডের শ্রমিকদের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা।
অন্যদিকে অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা। এ গ্রেডের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আগে তাঁরা পেতেন ১৪ হাজার ২৭৩ টাকা।
এ ছাড়া জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে মজুরি ৫ হাজার ৬৫০ টাকা বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এ গ্রেডের শ্রমিকদের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা।
রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সোয়া ৩টায় বোর্ডের চতুর্থ সভা শুরু হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা নতুন মজুরিকাঠামো নিয়ে দীর্ঘ আলোচনা করেন।
আলোচনা শেষে বুধবার (২৫ নভেম্বর) রাত দেড়টার দিকে সভা শেষ হয়। পরে মজুরি বোর্ডের একাধিক সদস্য নতুন মজুরিকাঠামো চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সভায় সর্বনিম্ন মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতপার্থক্য তৈরি হয়। একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির সংশোধিত প্রস্তাব দেয়। তবে কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসতে রাজি হয়নি। পরে মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়।
এ পরিস্থিতিতে ভোটাভুটির সিদ্ধান্ত নেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। বোর্ডের ছয় সদস্য ভোট দেন। এতে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে অবস্থান নেন। অন্য চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।
মজুরি বোর্ডের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। তবে নতুন কাঠামোয় মোট মজুরির কত অংশ মূল বেতন এবং কত অংশ বাড়িভাড়া হিসেবে নির্ধারিত হবে, তা তখনো চূড়ান্ত হয়নি।
সভা শেষে বুধবার ভোররাত ৪টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। তিনি জানান, মূল মজুরি, বাড়িভাড়া এবং অন্যান্য ভাতার পরিমাণ চূড়ান্ত করতে বুধবার বোর্ডের আরেকটি সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় মজুরির বিভিন্ন উপাদানের বিভাজন নির্ধারণ করা হবে।
এদিকে, নূন্যতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বুধবারও গাজীপুর, সাভার ও হেমায়েতপুর শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ-অবরোধ করেছেন। এ নিয়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাভার শিল্পাঞ্চলের ২২াট কারখানা বন্ধ রাখা হয়েছে।