পোশাকখাতে শ্রমিকের ন্যায্য মজুরি এবং একই সঙ্গে শিল্পের টিকে রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।
বর্তমান মজুরি সংকটকে কেবল মালিক-শ্রমিক দ্বন্দ্ব হিসেবে দেখলে সমাধান মিলবে না জানিয়ে এর জন্য রপ্তানি বাজারের চাহিদা, পণ্যের দাম, উৎপাদন ব্যয় ও বিনিময় হারের মতো সামষ্টিক অর্থনৈতিক বিষয়গুলো একসঙ্গে বিবেচনা করতে হবে বলে মনে করেন তারা।
সংস্কারমুখী নাগরিক প্ল্যাটফর্ম ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের সম্মেলনকক্ষে ‘পোশাকখাতে শ্রমিকের মজুরি ও শিল্পের টিকে থাকা: ভারসাম্য কোথায়, সমাধান কী?’ শীর্ষক সংলাপে এসব কথা উঠে আসে। খবর সংবাদ বিজ্ঞপ্তি।
সংলাপের শুরুতে প্রেক্ষাপট তুলে ধরে ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর বলেন, পোশাকশিল্প এখন একসঙ্গে চার ধরনের চাপের মুখে-রপ্তানি বাজারের চাহিদা, পণ্যের একক মূল্য, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় ও শ্রমিকের জীবনযাত্রার ব্যয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বরের আমদানি তথ্য তুলে ধরে তিনি প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের রপ্তানি ও পণ্যমূল্যের প্রবণতা ব্যাখ্যা করেন।
তিনি বলেন, ২০২৩ সালে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণের সময় গ্রেডভেদে গড়ে প্রায় ৫৫ শতাংশ মজুরি বৃদ্ধি পায়। সে সময় রপ্তানিকারকদের ডলারের বিনিময় হার ১০২ টাকা থেকে প্রায় ১১৮ টাকায় (প্রায় ১৫-১৬ শতাংশ) সমন্বয় হওয়ায় শিল্প সেই বাড়তি ব্যয়ের একটি বড় অংশ সামাল দিতে পেরেছিল। অথচ গত ১২ মাসে ডলারের বিপরীতে টাকার মান সমন্বয় হয়েছে মাত্র প্রায় ১ দশমিক ৭ শতাংশ।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে বর্তমান মজুরি নির্ধারণ প্রক্রিয়া আদর্শ নয়। শ্রমিকদের জীবনযাত্রার মান ও জীবনযাপন ব্যয় নিয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। ফলে যে সিদ্ধান্তই নেওয়া হোক, তা কোনোপক্ষই পুরোপুরি মেনে নিতে পারে না। তিন বা পাঁচ বছর পরপর নয়, প্রতি বছর মূল্যায়নের ভিত্তিতে মজুরি সমন্বয়ের একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আমলাতান্ত্রিক অদক্ষতা, দুর্নীতি ও চাঁদাবাজির কারণে ব্যবসার যে বাড়তি খরচ হয়, তার ভার শ্রমিকদের ওপর চাপানো উচিত নয়। ব্যবসা পরিচালনার এসব খরচ কমানোর দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।
রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, আমাদের অর্থনীতি পোশাকশিল্পের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। দীর্ঘদিন ধরে সরকারের সব সুযোগ-সুবিধা পোশাকশিল্পই পেয়ে এসেছে, অথচ চামড়া ও চামড়াজাত পণ্যের মতো অন্যান্য রপ্তানিখাতে সরকারের যথেষ্ট মনোযোগ দেওয়া উচিত ছিল।
তিনি বলেন, সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে না পারলে আমরা প্রতিযোগিতা-সক্ষমতা ধরে রাখতে পারব না। আমাদের প্রতিযোগী দেশগুলোতে মূল্যস্ফীতি আমাদের তুলনায় অনেক কম।
মো. রুবাইয়াত সারওয়ার বলেন, নতুন ১৭,০০০ টাকার ন্যূনতম মজুরির ফলে অবশেষে আমাদের ন্যূনতম মজুরি ভিয়েতনাম ও ভারতের মতো কয়েকটি প্রতিযোগী দেশের কাছাকাছি পৌঁছেছে। এটি একটি ইতিবাচক অগ্রগতি। সামগ্রিক বাস্তবতা বিবেচনায় শ্রমিকদের এই মজুরি মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
সংলাপে আরও আলোচনা করেন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি ড. রুবানা হক, বিজিএমইএর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, লেখক ও মানবাধিকার-শ্রম অধিকারকর্মী ফিরোজ আহমেদ, বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ ও ইনোভিশন কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও পানাম ইনস্টিটিউটের ট্রাস্টি মো. রুবাইয়াত সারওয়ার।
সংলাপের শেষে ভয়েস ফর রিফর্মের পক্ষ থেকে সরকারের প্রতি সাত দফা প্রস্তাব তুলে ধরা হয়।
১. ধাপে ধাপে টাকার মান সমন্বয়: নিয়ন্ত্রিত সমন্বয়ে রপ্তানি আয়ের বাড়তি টাকায় মজুরির বাড়তি খরচ মেটানো সম্ভব।
২. কাঁচামাল (সুতা) আমদানি সহজ করা: পোশাক কারখানার কাঁচামালের খরচ কমাতে স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুযোগ দেওয়া এবং ব্যাংক গ্যারান্টি ও দেশি সুতার বাধ্যবাধকতার মতো বাধা তুলে দেওয়া।
৩.জ্বালানি সরবরাহ নিশ্চিত করা: শিল্পাঞ্চলে নিয়মিত গ্যাস-বিদ্যুৎ, ডিজেলের খরচ কমলে মজুরি বাড়ানোর জায়গা তৈরি হবে।
৪.ব্যাংক খাতের জট খোলা: কারখানা বিক্রি বা একীভূতকরণের ক্ষেত্রে ঋণ পুনর্গঠনের বিশেষ ব্যবস্থা।
৫. রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ের চাঁদাবাজির খরচ দূর করা এবং ঝুট চাঁদাবাজি বন্ধ করা। ঝুট ব্যবসা আনুষ্ঠানিক করলে মোট মূল্যের ১ শতাংশ পর্যন্ত বাড়তি আয় সম্ভব, ঝুট থেকে তাপ উৎপাদন করে জ্বালানি খরচও উল্লেখযোগ্যভাবে কমানো যায়।
৬. নিয়মিত মজুরি পর্যালোচনা: মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে প্রতি বছর মজুরি সমন্বয়।
৭. ছোট কারখানার জন্য প্রস্থান নীতি: টিকে থাকতে না পারা ছোট পোশাক কারখানার মালিকদের জন্য একটি যথাযথ প্রস্থান নীতি (এক্সিট পলিসি) প্রণয়ন, যাতে তারা সুশৃঙ্খলভাবে ব্যবসা গুটিয়ে বের হয়ে আসতে পারেন।