পবিপ্রবির নতুন জনসংযোগ-প্রকাশনা বিভাগে পরিচালক মাহফুজুর রহমান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজুর রহমান সবুজ। তিনি দীর্ঘ সাড়ে ১৬ বছরেরও বেশি সময় একই বিভাগের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। নতুন দায়িত্ব পালনের জন্য বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি।

নতুন দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাহফুজুর রহমান সবুজ বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। পরিচালক হিসেবে নতুন দায়িত্ব পাওয়া যেমন আনন্দের, তেমনি এটি একটি বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও সামগ্রিক সাফল্য গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা এবং প্রতিষ্ঠানের ইতিবাচক সুনাম ও ভাবমূর্তি সমুন্নত রাখাই হবে প্রধান লক্ষ্য। এ দায়িত্ব দেওয়ায় তিনি উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান জানান, মাহফুজুর রহমান দীর্ঘদিন এ বিভাগে কাজ করছেন। তার অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা কাজে লাগিয়ে তিনি নতুন দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশাবাদী। তিনি তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

মাহফুজুর রহমান সবুজ ২০০৩ সালের ১১ জানুয়ারি পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তিনি প্রথম নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। পরবর্তী সময়ে ২০০৮ সালে সহকারী পরিচালক এবং ২০১২ সালে উপপরিচালক পদে পদোন্নতি পান। দীর্ঘদিন একই পদে দায়িত্ব পালনের পর এবার পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন তিনি।