কাতারের দোহার মাঠে গতকাল ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ক্রিকেট দুনিয়াকে যেন নাড়িয়ে দিয়েছেন বৈভব সূর্যবংশী। কিন্তু এই ঝড়ে মোটেও বিস্মিত নন তাঁর ছোটবেলার কোচ মণীশ ওঝা। বরং শিষ্যের অবিশ্বাস্য মারকুটে মেজাজ দেখে এবার ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরির বড় ভবিষ্যদ্বাণীই করে বসেছেন তিনি।
এশিয়া কাপ রাইজিং স্টারসে গ্রুপপর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ১৪.২ ওভারে ২৫০ রানের লক্ষ্য তাড়া করে ৯ উইকেটে জেতে ভারত 'এ' দল। সেই ম্যাচে ২৮ ছক্কা ও ৭ চারে সাজানো ইনিংসে লিস্ট 'এ' ক্রিকেটে দ্রুততম ১০০ (২৮ বল), ১৫০ ও ২০০ (৫২ বল) রানের বিশ্বরেকর্ড গড়েন বৈভব।
আগামী দিনের কীর্তি নিয়ে আত্মবিশ্বাসী কোচ মণীশ ওঝা শিষ্যের ব্যাটিং সামর্থ্যের প্রশংসায় পঞ্চমুখ। বৈভবের ট্রিপল সেঞ্চুরির সম্ভাবনা নিয়ে মণীশ বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি বৈভব একদিন ট্রিপল সেঞ্চুরি করবে। ওর ব্যাটিং একই সঙ্গে আগ্রাসী ও আকর্ষণীয়। ও যদি ১৪-১৫ ওভারে ম্যাচ জিতিয়ে দিতে পারে, তাহলে ভাবুন ৫০ ওভার ব্যাট করলে কী করতে পারত?’
দুই বছর আগেই বৈভবের ডাবল সেঞ্চুরির আভাস দিয়েছিলেন মণীশ। সাম্প্রতিক সময়ে রাজস্থান রয়্যালসের হয়ে ৩৬ বলে সেঞ্চুরি, ৭৭৬ রান ও ৬৫ ছক্কায় ক্রিস গেইলের ৫৯ ছক্কার রেকর্ড ভাঙা, বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে ৮৪ বলে ১৯০ রান এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮০ বলে ১৭৫ রানের মতো একের পর এক ইনিংস খেলেছেন এই তরুণ ব্যাটার।
এমন ধারাবাহিকতায় তাঁর রেকর্ড ভাঙার সামর্থ্য নিয়েও সন্দিহান কোচ। রেকর্ড ও বৈভবের মানসিকতা নিয়ে মণীশ আরও বলেন, ‘এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় না আর কেউ আছে যে বৈভবের নজির ভাঙতে পারবে। সম্ভবত ক্রিস গেইলকে ফিরে আসতে হবে সেটা করার জন্য। বৈভবের নজির একমাত্র বৈভবই ভাঙতে পারবে। তবে ও কখনো নজির বা ব্যক্তিগত সাফল্যের জন্য খেলে না। ও শুধু বল দেখে আর খেলে। বৈভব শুধু একটা জিনিসই বোঝে, জায়গায় বল পেলে মারো।’
আগের দুই ম্যাচে রান না পেয়ে বেশ হতাশ হয়ে পড়েছিলেন বৈভব; তখন কোচকে ফোনও করেছিলেন তিনি। কঠিন সময় সামলানোর সেই পরামর্শের কথাও স্মরণ করেছেন মণীশ। শিষ্যকে দেওয়া সেই সাহসের কথা জানিয়ে তিনি বলেন, ‘আগের দুই ম্যাচে রান না পেয়ে আমাকে ফোন করেছিল। আমি ওকে বলি, জীবনে এরকম উত্থানপতন আসবে। শচীন টেন্ডুলকারকে দেখো। তিনিও তো বহুবার ব্যর্থ হয়েছেন। সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়রাও ভুল করেন।’
এদিকে আইপিএল ও বয়সভিত্তিক ক্রিকেটে আলো ছড়ালেও ভারতের সিনিয়র দলে নিয়মিত নন বৈভব; অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনদের ভিড়ে গত ২৬টি ম্যাচের মধ্যে মাত্র ১০টিতে খেলার সুযোগ পেয়েছেন তিনি। কোচ গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্টের এই নীতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মণীশ। বৈভবকে নিয়মিত সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বেঞ্চে বসে থাকলে তো এরকম ইনিংস খেলতে পারত না। একজন খেলোয়াড় মাঠে নেমে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়ে সমস্যা কাটিয়ে উঠতে শিখবে। বেঞ্চে বসে কেউ বড় হয় না। ভারত ভালো খেলছে স্বীকার করি। কিন্তু বৈভব যদি একটা ভালো ইনিংস খেলে, তাহলে পরের ম্যাচে সুযোগ পাওয়া উচিত। ও কোনোভাবেই বদলি খেলোয়াড় নন। পাঁচ ম্যাচের সিরিজে অন্তত দু-তিনটি সুযোগ দেওয়া উচিত, ওকে পরিবর্ত হিসেবে দেখা ঠিক নয়।’