বাঁশখালীতে ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মো. খুরশিদ আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ার ব্রিজসংলগ্ন পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খুরশিদ আলম বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল এলাকার সাইদুল হকের বাড়ির মোক্তার আহমেদ ও আনোয়ারা বেগমের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার আমিন জুট মিলের উত্তর গেটসংলগ্ন ১ নম্বর গলির করিম টাওয়ার এলাকার এরশাদের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের (বিপিএম) নির্দেশনায় এবং বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল চাম্বলের ছড়ার ব্রিজ এলাকায় চেকপোস্ট বসায়।

এ সময় সন্দেহভাজন হিসেবে একটি ইয়ামাহা এফজেড ভার্সন-২ মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। পরে খুরশিদ আলমের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি হেলমেট জব্দ করে পুলিশ।

বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।