সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও কলে কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় চট্টগ্রামের পটিয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
বুধবার ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে শুরুতে এক তরুণীর সঙ্গে নয়নকে স্বাভাবিকভাবে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। একপর্যায়ে তাদের আপত্তিকর ও নগ্ন অবস্থায় দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
জানা গেছে, এস এম নয়ন দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। গত ১২ জুন তাকে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এস এম নয়নকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।
এ বিষয়ে জানতে ছাত্রদল নেতা এস এম নয়নের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে নাম প্রকাশ না করার শর্তে নয়নের এক শুভাকাঙ্ক্ষী দাবি করেন, তাকে ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিক ফাঁদে ফেলা হয়েছে। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক এম রবিউল হোসেন রবি বলেন, সংগঠনের কেউ ব্যক্তিগতভাবে কোনো অপকর্ম করলে তার দায়ভার সংগঠন নেবে না। আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে।