পটিয়া থেকে ছিনতাই হওয়া ভ্যান দোহাজারিতে উদ্ধার

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

চট্টগ্রাম জেলার পটিয়া পৌরসদরের পোস্ট অফিস এলাকা থেকে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে চন্দনাইশের দোহাজারি পৌরসভার ফুলতলা এলাকা থেকে ভ্যানটির পাঁচটি ব্যাটারিসহ উদ্ধার করা হয়।

জানা গেছে, শনিবার সকালে প্রতিদিনের মতো পটিয়া পৌরসদরের পোস্ট অফিস এলাকার একটি দোকানের সামনে ভ্যান রেখে ভেতরে যান চালক আব্দুর রহিম। এ সময় অজ্ঞাত এক যুবক মাস্টার চাবি ব্যবহার করে প্রকাশ্যে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। 

এ ঘটনার পর পটিয়ার গণমাধ্যমকর্মীরা ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ফুটেজের সূত্র ধরে অভিযুক্ত যুবকের পরিচয় শনাক্তে সহায়তা পাওয়া যায়। তার নাম ইসমাইল। তিনি পটিয়ার খরনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশের পর স্থানীয় কয়েকজন বাসিন্দা তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ করেন।

ঘটনার খবর পেয়ে পটিয়া থানার ইনচার্জ যুযুৎসু যশ চাকমার নির্দেশনায় অভিযান শুরু করে পুলিশ। ছিনতাইকারীর মোবাইল নম্বরের সূত্র ধরে দোহাজারি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ সোহেলের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে পটিয়া থানা পুলিশের একটি দলও এতে যোগ দেয়।

টানা পাঁচ ঘণ্টার অভিযানে দোহাজারির ফুলতলা এলাকার সাইফু ব্যাটারি হাউস থেকে ভ্যানটির পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়। পরে বটতল এলাকার একটি চায়ের দোকানের পাশে পরিত্যক্ত অবস্থায় ভ্যানটি পাওয়া যায়।

পটিয়া থানার ইনচার্জ যুযুৎসু যশ চাকমা জানান, দিনদুপুরে ভ্যান ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে। মোবাইল নম্বরের সূত্র ধরে দোহাজারি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ সোহেল অভিযান পরিচালনা করেন। পরে পটিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান সম্পন্ন করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত