আমার গল্প : শূন্য থেকে স্বপ্ন গড়ার যাত্রা

আমার জন্ম ১৯৯৯ সালে। আমার জীবনটা ছোটবেলা থেকেই খুব সহজ ছিল না। আমি যখন ষষ্ঠ শ্রেণিতে পড়ি, তখন আমার বাবা মারা যান। বাবাকে হারানোর পর আমাদের জীবনে নেমে আসে অনেক কঠিন সময়। এমন দিনও গেছে, বাবার মৃত্যুর পর টানা এক সপ্তাহ আমাদের ঘরে চুলা জ¦লেনি। ছোটবেলাতেই বুঝতে শিখেছিলাম, জীবন সবসময় সহজ হয় না; অনেক কিছু নিজের শক্তিতেই সামলে নিতে হয়।

বাবা চলে যাওয়ার পর আমাদের পাশে দাঁড়ানোর মতো আত্মীয়স্বজন কিংবা আমাদের দেখাশোনা করার মতো মানুষ খুব বেশি ছিল না। আমরা অনেকটা একাই ছিলাম। আমার মা তখন চাইলে নিজের জীবন নতুন করে শুরু করতে পারতেন, অন্য কোথাও বিয়ে করে সংসার করতে পারতেন। কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে তিনি নিজের কথা ভাবেননি। আমাদের মানুষ করার জন্য নিজের অনেক ইচ্ছা বিসর্জন দিয়েছেন। মায়ের সেই ত্যাগ আমি কোনোদিন ভুলতে পারব না।

আমার পড়াশোনাও সহজ ছিল না। ছোট থেকেই কাজ করে, নিজের উপার্জনের টাকা দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। যতটুকু পেরেছি নিজের পরিশ্রমে এগিয়েছি। জীবনের কষ্টগুলো আমাকে শিখিয়েছে, নিজের পায়ে দাঁড়ানো কতটা জরুরি।

সেই চেষ্টা থেকেই একসময় ব্যবসার পথে হাঁটা শুরু করি। নানা উদ্যোগ নিয়েছি, কখনো লাভ হয়েছে, কখনো লোকসান। অনেকবার মনে হয়েছে আর পারব না, আবার নতুন করে শুরু করেছি। প্রতিটি ব্যর্থতা আমাকে কিছু শিখিয়েছে, আর প্রতিবার উঠে দাঁড়ানোর চেষ্টা আমাকে একটু একটু করে শক্ত করেছে।

আজ আমি চলনবিল বিডির সঙ্গে যুক্ত হয়ে একটি স্বপ্নকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি চলনবিলের পণ্য, মানুষের শ্রম, ঐতিহ্য আর সম্ভাবনাকে দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমার স্বপ্ন শুধু নিজের সফলতা নয়; আমি চাই এই উদ্যোগের মাধ্যমে আরও মানুষের কাজের সুযোগ তৈরি হোক, অন্যরাও সাহস করে নিজেদের উদ্যোগ শুরু করুক।

আজ আমার পাশে আমার পরিবার, মায়ের দোয়া, বন্ধু, শুভাকাক্সক্ষী ও সহযোদ্ধারা আছেন। তাদের সহযোগিতা ছাড়া এই পথ এতদূর আসা সম্ভব হতো না। আমার জীবনে কষ্ট ছিল, এখনও চ্যালেঞ্জ আছে, কিন্তু আমি থেমে যেতে চাই না।

আমি রেখা। আমার গল্পটা কোনো রাতারাতি সফল হয়ে যাওয়ার গল্প নয়। এটা অনেক কষ্ট, চেষ্টা, ব্যর্থতা, আবার শুরু করা আর স্বপ্ন আঁকড়ে ধরে বেঁচে থাকার গল্প। আমি এখনো পথ চলছি আর বিশ্বাস করি, আমার গল্পের সুন্দর অধ্যায়গুলো সামনে লেখা বাকি।