‘একজন থেকে শুরু... একদিন অনেকজন’

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ এএম

চলনবিলের পণ্য, শ্রম ও সম্ভাবনাকে সামনে এগিয়ে নেওয়া এমনই এক সংগ্রামী নারী উদ্যোক্তা রেখা। তার জীবন, সাহস ও উদ্যোগের গল্প নিয়ে দেশ রূপান্তরের পক্ষে কথা বলেছেন অনিন্দ্য নাহার হাবীব। প্রতিকূলতা পেরিয়ে স্বপ্ন গড়ার সেই যাত্রাই উঠে এসেছে এই সাক্ষাৎকারে।

প্রশ্ন : ব্যবসা শুরু করার সময় আপনার পাশে কি কেউ ছিলেন, নাকি পুরোটা একাই করতে হয়েছিল?

রেখা : সত্যি বলতে, শুরুটা খুব সহজ ছিল না। অনেক সময় পাশে মানুষ থাকার চেয়ে নিজের ভেতরে সাহস থাকাটা বেশি জরুরি হয়ে পড়ে। আমার স্বপ্নটা আমি নিজেই দেখেছিলাম আর সেই স্বপ্নের দায়িত্বটাও আমাকে নিজেকেই নিতে হয়েছে। মানুষ শুরুতে বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করেছিলাম একদিন আমার এই ছোট্ট শুরুটা বড় কিছু হবে।

প্রশ্ন : আপনার পোশাক, শার্ট-প্যান্ট আর গামছা বা স্কার্ফ এই সিদ্ধান্তটি কীভাবে এলো? মানুষ যখন তাকিয়ে দেখে, তখন আপনি কী ভাবেন?

রেখা : আমি কখনো পোশাক দিয়ে নিজের পরিচয় তৈরি করতে চাইনি। আমি এমন পোশাক পরেছি, যেটাতে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। গ্রামের মাঠে, মাছ সংগ্রহে, রোদে কিংবা শ্রমিকদের সঙ্গে কাজ করতে গেলে পোশাকের চেয়ে কাজটাই বেশি গুরুত্বপূর্ণ।

মানুষ তাকায়, কেউ প্রশ্ন করে, কেউ মন্তব্য করে। কিন্তু একটা সময় বুঝেছি মানুষের চোখের দিকে তাকিয়ে নিজের স্বপ্ন বদলালে কোনো দিন নিজের লক্ষ্যে পৌঁছানো যায় না। আমি চাই, মানুষ আমার পোশাক নয়, আমার কাজটা দেখুক।

প্রশ্ন : অল্প টাকা নিয়ে ব্যবসা শুরু করার সেই দিনটির কথা মনে করলে কোন অনুভূতিটি সবার আগে ফিরে আসে? অল্প টাকা থেকে কিছু টাকা খরচ করে বাকিটা হাতে রাখার সিদ্ধান্ত কীভাবে নিয়েছিলেন?

রেখা : সেই দিনটার কথা মনে হলে এখনো বুকের ভেতর একটা অন্যরকম অনুভূতি হয়। টাকাটা খুব বেশি ছিল না, কিন্তু আমার কাছে সেটাই ছিল একটা স্বপ্নের মূলধন। আমি জানতাম, সব টাকা একবারে খরচ করে ফেললে বিপদে পড়তে পারি। তাই ব্যবসার পাশাপাশি নিজের হাতে কিছু টাকা রাখার চেষ্টা করেছিলাম।

সেদিন হয়তো টাকার পরিমাণ ছোট ছিল, কিন্তু আমার সাহসটা ছোট ছিল না। কারণ আমি জানতাম, এই অল্প টাকা দিয়েই আমাকে একটা নতুন পথ তৈরি করতে হবে।

প্রশ্ন : যেখানে পুরুষ শ্রমিকের মজুরি ৫০০ টাকা, সেখানে আপনাকে ৩০০ টাকা দেওয়া হতো; এমনকি সারাদিন কাজ করেও মজুরি না পাওয়ার দিন এসেছে। সেই দিনগুলোতে কী আপনাকে বেশি ভাবাত?

রেখা : সবচেয়ে বেশি কষ্ট হতো যখন মনে হতো, আমার পরিশ্রমের মূল্যটা যেন মানুষ বুঝতে চাইছে না। আমি তো কারও দয়া চাইনি, নিজের শ্রমের মূল্য চেয়েছিলাম।

কখনো সারা দিন কাজ করেও টাকা পাইনি, কখনো পুরুষদের তুলনায় কম মজুরি পেয়েছি। কিন্তু সেই কষ্টগুলো আমাকে দুর্বল করেনি; বরং আমাকে শিখিয়েছে, নিজের পায়ে দাঁড়াতে হবে। একদিন এমন জায়গায় পৌঁছাতে হবে, যেখানে নিজের শ্রমের মূল্য নিজেই নির্ধারণ করতে পারব।

প্রশ্ন : ‘এগুলো মেয়েদের কাজ নয়’, ‘বাবা-ভাই নেই কেন?’ কিংবা গায়ের রঙ নিয়ে কটাক্ষ এমন কথাগুলো শুনে কীভাবে নিজেকে সামলাতেন? এমন কোনো দিনের কথা বলবেন, যেদিন খুব ভেঙে পড়েছিলেন?

রেখা : কথাগুলো শুনলে কষ্ট হতো, অস্বীকার করব না। আমিও মানুষ, আমারও মন খারাপ হয়, চোখে পানি আসে। বিশেষ করে যখন নিজের পরিস্থিতি নিয়ে মানুষ কটাক্ষ করে, তখন ভেতরটা ভেঙে যায়।

কিন্তু একটা সময় নিজেকে বলেছি আমি যদি মানুষের কথায় থেমে যাই, তাহলে আমার পরিবারের দায়িত্ব কে নেবে? আমার স্বপ্নগুলো কে পূরণ করবে?

আমি উত্তর দেওয়ার জন্য তর্ক করিনি। আমি চেয়েছি, আমার কাজ একদিন তাদের সব প্রশ্নের উত্তর হয়ে উঠুক।

প্রশ্ন :  মা, বোন ও ছোট ভাইয়ের দায়িত্ব একসঙ্গে কাঁধে নেওয়ার পর প্রথম আয় থেকে মায়ের জন্য কাপড় কিনে দেওয়ার দিনটা আজও কেমন লাগে?

রেখা : আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর মধ্যে একটা ছিল নিজের উপার্জন থেকে মায়ের জন্য কিছু কিনতে পারা। টাকার পরিমাণ হয়তো খুব বেশি ছিল না, কিন্তু সেই টাকার পেছনে আমার শ্রম, ঘাম আর অনেক কষ্ট ছিল।

মায়ের মুখে হাসি দেখার পর মনে হয়েছিল, আমি হয়তো খুব বড় কিছু করতে পারিনি, কিন্তু আমার মা যেন বুঝতে পারেন, তার মেয়েটা চেষ্টা করছে, তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সেই অনুভূতির কাছে অনেক বড় বড় অর্জনও ছোট মনে হয়।

প্রশ্ন : সমাজের প্রচলিত ধারণা ভেঙে আপনি বলেছেন, ‘বংশের বাতি হতে ছেলে নয়, দায়িত্ববান সন্তান হলেই চলে।’ নিজের জীবনের এই অবস্থানটি কীভাবে দেখেন?

রেখা : আমি বিশ্বাস করি, সন্তান ছেলে না মেয়ে এটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো, সন্তান তার পরিবারের পাশে কতটা দাঁড়াতে পারে।

আমার জীবনে এমন অনেক দায়িত্ব এসেছে, যেগুলো হয়তো সমাজ মনে করে একজন ছেলে পালন করবে। কিন্তু আমি একজন মেয়ে হয়েও সেই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করেছি।

আমি চাই, কোনো পরিবার যেন শুধু মেয়ে সন্তান হয়েছে বলে হতাশ না হয়। একটা মেয়েও তার পরিবারের শক্তি হতে পারে, ভরসা হতে পারে, পরিবারের স্বপ্ন পূরণের কারণ হতে পারে।

প্রশ্ন : বাবাকে না পাওয়ার কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হওয়ার স্মৃতি, আর গত ঈদে শিশুদের পাশে দাঁড়ানো এই অনুভূতিগুলো কীভাবে আপনাকে তাড়িত করেছিল?

রেখা : ছোটবেলায় ঈদ মানে অনেক স্বপ্ন ছিল। কিন্তু বাবাকে না পাওয়ার পর জীবনের অনেক আনন্দই অন্যরকম হয়ে গিয়েছিল। নিজের ইচ্ছেগুলো অনেক সময় পূরণ হয়নি, কিন্তু সেই অপূর্ণতাগুলো আমি কখনো ভুলিনি।

গত ঈদে যখন প্রায় ৩০ জন শিশুর পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছিল, তাদের হাসিমুখ দেখে মনে হচ্ছিল আমার ছোটবেলার সেই অপূর্ণতাগুলো যেন অন্য কারও জীবনে একটু হলেও কমিয়ে দিতে পারছি।

আমি চাই, আমার সামর্থ্য যতটুকুই হোক, কোনো শিশুর মুখে হাসি ফোটানোর কারণ হতে পারি। কারণ মানুষের পাশে দাঁড়ানোর আনন্দটা নিজের জন্য কিছু পাওয়ার আনন্দের চেয়ে অনেক বড়।

প্রশ্ন : এমন কোনো দিন কি গেছে, যেদিন মনে হয়েছে আর পারছেন না? সেই সময় কীভাবে নিজেকে সামলেছেন?

রেখা : অনেক দিন গেছে। কখনো ব্যবসায় লোকসান, কখনো মানুষের কথা, কখনো পরিবারের দায়িত্ব, কখনো নিজের শরীর ও মন সবকিছু একসঙ্গে সামলাতে গিয়ে মনে হয়েছে, আর পারছি না।

কিন্তু যখনই থেমে যাওয়ার কথা ভেবেছি, তখনই মনে পড়েছে আমার থেমে যাওয়ার সুযোগ খুব কম। আমার পরিবারের মানুষগুলো আমার দিকে তাকিয়ে আছে, আমার স্বপ্নগুলো এখনো পূরণ হয়নি।

আমি সব সময় শক্ত থাকি না। কখনো কাঁদি, কখনো চুপ করে থাকি। তারপর আবার উঠে দাঁড়াই। আমার কাছে সাহস মানে কখনো না ভেঙে পড়া নয়; ভেঙে পড়েও আবার শুরু করতে পারা।

প্রশ্ন : আপনার প্রতিদিনের কাজের রুটিন কেমন? স্থানীয় কৃষক ও উৎপাদকদের সঙ্গে সম্পর্ক এবং তাদের কাছ থেকে পণ্য সংগ্রহের অভিজ্ঞতা কেমন?

রেখা : আমার প্রতিদিনের কাজ শুধু ব্যবসা পরিচালনা করা নয়। পণ্য সংগ্রহ করা, উৎপাদকদের সঙ্গে কথা বলা, মান যাচাই করা, কাজের পরিকল্পনা করা, কনটেন্ট তৈরি করা, অর্ডার দেখা সবকিছুই মিলিয়ে দিন পার হয়।

আমরা চাই, চলনবিলের মানুষ যারা মাছ, কৃষিপণ্য কিংবা ঘরে তৈরি খাবার উৎপাদন করেন, তাদের পণ্য যেন সঠিকভাবে মানুষের কাছে পৌঁছায়। তাদের সঙ্গে সম্পর্কটা শুধু কেনাবেচার নয়, বিশ্বাসের।

কারণ আমি বিশ্বাস করি, আমাদের ব্যবসা বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এলাকার মানুষেরও আয়ের সুযোগ তৈরি হওয়া উচিত।

প্রশ্ন : চলনবিল বিডির পণ্য শুঁটকি, ছাতু, ঘরে তৈরি খাবার কিংবা সরিষার তেল, এই স্থানীয় স্বাদ ও ঐতিহ্যকে কেন নিজের পরিচয়ের অংশ করলেন?

রেখা : চলনবিল শুধু একটা ভৌগোলিক এলাকার নাম নয়; এটা আমাদের জীবন, আমাদের সংস্কৃতি, আমাদের খাবার আর আমাদের ঐতিহ্য।

এই এলাকার অনেক পণ্য খুব ভালো, কিন্তু সঠিক পরিচিতি ও বাজারের অভাবে অনেক সময় মানুষের কাছে পৌঁছাতে পারে না। আমি চেয়েছি, চলনবিলের এই পণ্যগুলো শুধু আমাদের এলাকায় সীমাবদ্ধ না থাকুক।

আমাদের শুঁটকি, ছাতু, সরিষার তেল কিংবা অন্যান্য দেশীয় খাবারের মধ্য দিয়ে মানুষ চলনবিলের স্বাদ চিনুক। আমার কাছে ব্যবসা মানে শুধু পণ্য বিক্রি নয়, নিজের এলাকার পরিচয়টাও মানুষের কাছে পৌঁছে দেওয়া।

প্রশ্ন : নিজস্ব ওয়েবসাইট, কনটেন্ট তৈরি ও অনলাইন অর্ডার সামলানো একজন গ্রামীণ নারী উদ্যোক্তা হিসেবে প্রযুক্তি ও ডিজিটাল জগতে নিজের জায়গা তৈরি করার অভিজ্ঞতা কেমন?

রেখা : শুরুতে প্রযুক্তির অনেক কিছুই আমার কাছে নতুন ছিল। ওয়েবসাইট কীভাবে পরিচালনা করতে হয়, অনলাইনে ব্যবসা কীভাবে সাজাতে হয়, কনটেন্ট তৈরি করে মানুষের কাছে পৌঁছাতে হয়- অনেক কিছু শিখতে হয়েছে কাজ করতে করতে।

আমি এখনো শিখছি। আমার কাছে সবচেয়ে বড় বিষয় হলো, শেখার জন্য নিজেকে কখনো ছোট মনে না করা।

আমি গ্রামের একজন নারী, কিন্তু আমার স্বপ্ন শুধু গ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি চাই, প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের এলাকার পণ্য ও মানুষের গল্প সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে।

প্রশ্ন : সিংড়ার গণ্ডি ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এখন সবচেয়ে বড় বাধা বা সীমাবদ্ধতা কোথায় দেখছেন?

রেখা : আমাদের স্বপ্ন অনেক বড়, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কিছু সীমাবদ্ধতাও রয়েছে। পণ্যের মান ধরে রাখা, সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা, প্যাকেজিং, ডেলিভারি, বাজার তৈরি, আর্থিক সক্ষমতা সবকিছু একসঙ্গে এগিয়ে নেওয়া সহজ নয়।

তবে আমি বাধাগুলোকে শেষ বলে দেখি না। এগুলোকে আমি শেখার ধাপ মনে করি।

আমার স্বপ্ন চলনবিল বিডি একদিন এমন একটা প্রতিষ্ঠানে পরিণত হবে, যেখানে শুধু আমাদের পণ্য বিক্রি হবে না; বরং চলনবিলের অনেক মানুষের কর্মসংস্থান হবে, অনেক নারী উদ্যোক্তা তৈরি হবে এবং আমাদের এলাকার পরিচয় দেশের প্রতিটি প্রান্তে পৌঁছাবে।

প্রশ্ন : আজকের এই অবস্থানে দাঁড়িয়ে পেছনে তাকালে নিজের কোন সিদ্ধান্ত বা সাহসটির জন্য সবচেয়ে বেশি কৃতজ্ঞতা বোধ করেন?

রেখা : সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি আমার সেই সিদ্ধান্তটির জন্য, যে সিদ্ধান্ত আমাকে কষ্টের কাছে হার মেনে থেমে যেতে দেয়নি। তবে আজ আমি যতটুকু পথ পাড়ি দিতে পেরেছি, তার পেছনে শুধু আমার একার চেষ্টা নয়, অনেক মানুষের অবদান রয়েছে। আল্লাহর কাছে কৃতজ্ঞ, আমার পরিবারের কাছে কৃতজ্ঞ, বিশেষ করে আমার মায়ের দোয়ার কাছে কৃতজ্ঞ।

আর আমার পাশে থাকা দুজন মানুষ ইরা ও সজীব, তাদের অবদান আমার জীবনে অনেক বড়। ইরা আমার ছোটবেলার বান্ধবী; ছোট থেকে একসঙ্গে বেড়ে ওঠা। সজীবও ছোটবেলা থেকেই আমাদের সঙ্গে আছে। আমরা তিনজনেরই একটা স্বপ্ন ছিল জীবনে কিছু একটা করব, নিজেদের একটা পরিচয় তৈরি করব। আমাদের চিন্তা-ভাবনা, ধ্যান-ধারণা অনেকটা একই রকম। সেই স্বপ্ন নিয়ে আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে চেষ্টা করেছি, আবার অনেক সময় তিনজন মিলে নানা কিছু করার উদ্যোগ নিয়েছি। অনেকবার হয়তো ব্যর্থ হয়েছি, ভেঙে পড়েছি, থেমে যাওয়ার মতো পরিস্থিতিও এসেছে।

কিন্তু তারা আমাকে ভেঙে পড়তে দেননি। মানসিকভাবে সাহস দিয়েছেন, ব্যবসার ক্ষেত্রেও নিজেদের সর্বোচ্চটা দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। আজ মনে হচ্ছে, আমাদের সেই পুরনো স্বপ্ন আর উদ্যোগের ধারাবাহিকতায় আমরা তিনজন আবার একসঙ্গে দাঁড়িয়ে নতুন করে কিছু একটা করতে চলেছি হয়তো এবার সত্যিই সফলতার দিকে এগিয়ে যাচ্ছি।

আজ মানুষ আমাকে বা আমার ব্যবসাকে যতটুকু দেখছে, তার পেছনে ইরা ও সজীবের অবদান অনেক বেশি। আমি মন থেকে তাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ, আমার পরিবার, আমার মায়ের দোয়া এবং এই দুজন মানুষের ভালোবাসা, বিশ্বাস ও সহযোগিতা সব মিলিয়েই আজ আমি এতটুকু পথ আসতে পেরেছি। আমার কাছে এই অর্জন শুধু আমার একার নয়; আমাদের তিনজনের স্বপ্নেরও।

সর্বশেষ সর্বাধিক পঠিত