রপ্তানিতে মানসম্মত, দেশের জন্য নিম্নমানএটা গ্রহণযোগ্য নয়

রপ্তানিমুখী পণ্যের মান নিশ্চিত করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহ করতে হবে। রপ্তানির জন্য মানসম্মত পণ্য উৎপাদন করে দেশের বাজারে নিম্নমানের পণ্য সরবরাহ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, শিশুদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সততা, সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনা প্রয়োজন।

গতকাল বুধবার ঢাকার ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। সেমিনারে কি-নোট পেপার উপস্থাপন করেন অধ্যাপক নোমান ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআই এর প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

খাদ্যমন্ত্রী বলেন, জাইকার অর্থায়নে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে তিনটি পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকার পরীক্ষাগারটি আশুলিয়ায় এবং চট্টগ্রামেরটি হালিশহরে স্থাপনের পরিকল্পনা রয়েছে। আগামী তিন বছরের মধ্যে পরীক্ষাগারগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে খাদ্য পরীক্ষার ক্ষেত্রে অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা কমবে এবং দ্রুত পরীক্ষার ফল পাওয়া সম্ভব হবে।

আফরোজা খানম বলেন, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরীক্ষার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করা প্রয়োজন। ফাইল প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ সময় ব্যয় হওয়ায় ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন হন। এসব জটিলতা নিরসনে সরকার কাজ করছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ধারাবাহিক আলোচনা ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বাণিজ্য, কৃষিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও অংশীজনদের নিয়ে আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। তাদের প্রস্তাব যাচাই করে দেশের স্বার্থে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

খাদ্যমন্ত্রী বলেন, বিদ্যমান পরীক্ষাগারগুলোর সক্ষমতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি রপ্তানি বাজারের চাহিদা অনুযায়ী কীটনাশকের অবশিষ্টাংশ, রাসায়নিক উপাদান, ভারী ধাতু ও অণুজীব পরীক্ষার সক্ষমতা বাড়াতে হবে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সততা, জবাবদিহি ও নৈতিকতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, পরীক্ষার রিপোর্ট অর্থের বিনিময়ে প্রভাবিত করা কিংবা অনৈতিকভাবে সনদ প্রদান গ্রহণযোগ্য নয়। খাদ্যে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে কার্যকর আইনপ্রয়োগ এবং অপরাধের জন্য কঠোর ও বাস্তবসম্মত শাস্তির বিধান প্রয়োজন। ব্যবসায়ীদের বিবেক, নৈতিকতা ও দায়িত্ববোধ থেকেই খাদ্যের মান নিশ্চিত করতে হবে। সরকারি ও বেসরকারি পরীক্ষাগার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একই পণ্য বিভিন্ন প্রতিষ্ঠানে বারবার পরীক্ষা করার ফলে ব্যবসায়ীদের সময় ও অর্থ ব্যয় হয়। এ ধরনের পুনরাবৃত্তি ও জটিলতা কমিয়ে সমন্বিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, খাদ্য নিরাপদ না হলে স্বাস্থ্য নিরাপদ থাকবে না। আর মানুষ সুস্থ না থাকলে ব্যবসা, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনা টেকসই হবে না।