জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পের মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি মেয়াদ বৃদ্ধির প্রস্তাব রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে।
গতকাল বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
এতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুমোদিত প্রকল্পের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি এবং সমাজকল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি করে প্রকল্প রয়েছে।
স্বাস্থ্য খাতের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন। দ্বিতীয় প্রকল্পের আওতায় জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজও রয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পের মধ্যে নতুন দুটি হলো পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। অন্যদিকে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করার লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের চতুর্থ সংশোধনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি নতুন প্রকল্পের মধ্যে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থার ক্ষমতা বৃদ্ধি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের পল্লী বিদ্যুতের বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বৃদ্ধি প্রকল্প। এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়েছে। এসব প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন।
প্রকল্পগুলো হলো চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা ও জলাবদ্ধতা নিরসন এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন, বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা প্রকল্প, কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প।
এ ছাড়া রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্য সম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন, ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প।
এদিকে একনেক সভা শেষে রাজধানীর আগারগাঁও পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, সরকারের ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য অর্জনে সরকারি ব্যয় ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। সরকারি বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে গতি সৃষ্টি হলে বেসরকারি বিনিয়োগও বাড়বে। একই সঙ্গে আঞ্চলিক ও আয়বৈষম্য কমিয়ে উন্নয়নের সুফল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
জেলা বাছাইয়ে কোনো ধরনের অগ্রাধিকার বা পক্ষপাত হচ্ছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মূল্যায়ন, প্রকল্প এলাকার সম্ভাব্যতা সমীক্ষা, স্থানীয় মানুষের চাহিদা এবং সংসদ সদস্যদের ডিও লেটারসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে জেলাভিত্তিক প্রকল্পগুলো নেওয়া হচ্ছে। কোনো ব্যক্তি বা এলাকার রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে প্রকল্প অনুমোদন দেওয়া হচ্ছে না। ধারাবাহিকভাবে বাকি জেলাগুলোর প্রকল্পও একনেকে উপস্থাপন করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় সব জেলার প্রকল্প অনুমোদন সম্পন্ন হবে বলে আশা করছেন তারা।
বড় প্রকল্পের কেনাকাটায় মূল্য যাচাইয়ের বিষয়ে তিনি বলেন, প্রকল্পের কেনাকাটা যাচাইয়ে তিনটি বিষয় নির্ধারণ করা হচ্ছে। প্রথমত, সরকার গঠিত কমিটির মাধ্যমে বর্তমান বাজারদর, মূল্যস্ফীতি ও ডলারের বিনিময় হারের ওঠানামা বিবেচনায় নতুন রেট শিডিউল তৈরি করা হয়েছে। রেট শিডিউলের আওতাভুক্ত কেনাকাটায় এই দর অনুসরণ করতে হবে। দ্বিতীয়ত, রেট শিডিউলের বাইরে থাকা কেনাকাটার ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের জন্য বিশেষজ্ঞদের যুক্ত করা হবে। এ ক্ষেত্রে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ডাকা হবে। তুলনামূলক বড় প্রকল্পের কেনাকাটার বাজারদর যাচাইয়ে প্রাইস অ্যাসেসমেন্ট কোম্পানির সহায়তা নেওয়া হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিজেরা বাজার যাচাই করে দর নির্ধারণ করবেন না বলেও জানান তিনি।