দুই দিন বাড়ার পর দেশের বাজারে আবার কমেছে সোনার দাম। গতকাল বুধবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৮৫৭ টাকা ৬৮ পয়সা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, এখন ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে খরচ হবে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা। প্রতি ভরি সোনা বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বোঝায়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে সোনার দরপতনই এ মূল্যহ্রাসের অন্যতম প্রধান কারণ।
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের সোনার দাম ছিল ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা। অর্থাৎ নতুন করে দাম কমানোর ফলে ২১ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৩৩২ টাকা ৮০ পয়সা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৮৬৬ টাকা ২৪ পয়সা কমেছে। তবে রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। এর আগে টানা কয়েক দফায় সোনার দাম কমিয়েছিল বাজুস। গত শনিবার প্রায় ১৩ মাস পর দেশের বাজারে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে দুই লাখ টাকার নিচে নেমে আসে। সেদিন দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। সব মিলিয়ে টানা ৯ দফায় সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩৪ হাজার ৬৯০ টাকা কমেছিল। এরপর টানা দুই দিন দাম বাড়ে। ওই দুই দিনে দাম বেড়েছিল সর্বোচ্চ ৪ হাজার ৭২৪ টাকা।
এদিকে আন্তর্জাতিক বাজারেও সোনার দামে অস্থিরতা দেখা যাচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে দাম বাড়লেও মঙ্গলবার থেকে আবার নিম্নমুখী হতে শুরু করে। নিউ ইয়র্কের সময় অনুযায়ী, মঙ্গলবার বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ২ দশমিক ৮০ শতাংশ বা ১০২ ডলার কমে ৩ হাজার ৫৫৫ ডলারে নেমে আসে।
এর আগে বিশ্ববাজারে টানা দরপতনের ফলে গত শুক্রবার প্রতি আউন্স সোনার দাম কমে ৩ হাজার ৫০২ দশমিক ৯৩ ডলারে দাঁড়ায়।