সূচকের বড় পতনে ডিএসইতে লেনদেন ৯১৭ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৪ দশমিক ৭০ পয়েন্ট। একই সঙ্গে কমেছে ডিএস৩০ ও ডিএসইএস সূচক। তবে দরপতনের মধ্যেও ডিএসইতে মোট ৯১৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল দিন শেষে ডিএসইএক্স ৫৪ দশমিক ৭০ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৮ শতাংশ কমে ৫ হাজার ৫৩৩ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে। বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ১৭ দশমিক ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৮২ শতাংশ কমে ২ হাজার ৯৬ দশমিক ১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস ১০ দশমিক ৬৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৯ শতাংশ কমে ১ হাজার ৬৫ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে মোট ২৯ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৮টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব লেনদেন সম্পন্ন করতে মোট ২ লাখ ৩৪ হাজার ৪০৬টি ট্রেড হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৫৩টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ২৭৬টির। অর্থাৎ অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমায় বাজারজুড়েই দরপতনের প্রভাব ছিল স্পষ্ট।

এদিকে, ধারাবাহিক দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ও হতাশা বাড়ছে। বিশেষ করে সাধারণ বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের মূল্য কমে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন। তাদের প্রত্যাশা, পুঁজিবাজারে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসবে এবং শেয়ারদরে ইতিবাচক প্রবণতা তৈরি হবে। এ জন্য বাজারে আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর পদক্ষেপ, অনিয়ম ও কারসাজি বন্ধে কঠোর নজরদারি এবং ভালো মৌলভিত্তির কোম্পানিতে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছেন তারা। বিনিয়োগকারীরা চান, সাময়িক সূচক বৃদ্ধি নয়, বরং ধারাবাহিক ও টেকসই বাজার পরিস্থিতি তৈরি হোক, যাতে তারা দীর্ঘমেয়াদে নিরাপদে বিনিয়োগ করতে পারেন।

বাংলাদেশের অর্থনীতিতে শেয়ারবাজার একটি গুরুত্বপূর্ণ খাত। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে দীর্ঘদিন ধরে বাজারে আস্থার সংকট, শেয়ারের অস্বাভাবিক দর ওঠানামা, দুর্বল কোম্পানির তালিকাভুক্তি এবং সুশাসনের অভাব বিনিয়োগকারীদের উদ্বেগের কারণ হয়ে রয়েছে।

একটি শক্তিশালী ও স্থিতিশীল শেয়ারবাজার গড়ে তুলতে স্বচ্ছতা, জবাবদিহি এবং কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি ভালো মৌলভিত্তির কোম্পানিকে বাজারে আনতে হবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের জন্য আর্থিক শিক্ষার সুযোগও সম্প্রসারণ করা প্রয়োজন। বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে সাময়িক উত্থান-পতনের পরিবর্তে কোম্পানির প্রকৃত আর্থিক সক্ষমতা ও ব্যবসায়িক সম্ভাবনাকে গুরুত্ব দিতে হবে। বিনিয়োগকারীদের আস্থা ফিরলে দেশের পুঁজিবাজার অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠতে পারে। সে কারণে সবারই শেয়ারবাজরের প্রতি আগ্রহ থাকে।