সাফকো স্পিনিংয়ের সব শেয়ার বিক্রি করবে উদ্যোক্তারা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের মালিকানায় পরিবর্তন আসছে। কোম্পানিটির পরিচালক ও উদ্যোক্তারা তাদের হাতে থাকা সব শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে বিক্রি হতে যাচ্ছে ৮৯ লাখ ৯৪ হাজার ৯০৩টি শেয়ার।

গত মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সংক্রান্ত একটি শেয়ার ক্রয়-বিক্রয় চুক্তি অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সাফকো স্পিনিং মিলসের উদ্যোক্তা ও পরিচালকদের কাছ থেকে শেয়ারগুলো কিনে নেবেন ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, নাজিফা রায়সা আহমেদ, তাসমিনা আহমেদ ও আবরার সৈয়দ আহমেদ।

স্টক এক্সচেঞ্জের বাইরে পারস্পরিক দরকষাকষির মাধ্যমে নির্ধারিত মূল্যে এসব শেয়ার লেনদেন সম্পন্ন হবে। তবে শেয়ার হস্তান্তরের এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) বাই-লজ পরিপালন করতে হবে।

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় সাফকো স্পিনিং মিলস। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৯ কোটি ৯৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৯৯ লাখ ৮১ হাজার ৭১৬টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৩০ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে ৩ দশমিক ৮৬ শতাংশ। বাকি ৬৬ দশমিক ১৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।