সাদের চিকিৎসায় ফিফা-বাফুফে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার সাদ উদ্দিনের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একই সঙ্গে নতুন করে নারী ফুটবল লিগ আয়োজনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। আগামী ফেব্রুয়ারিতে বাফুফের কংগ্রেস আয়োজনসহ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ১০টি দলকে প্রাথমিক অনুমোদনও দিয়েছে নির্বাহী কমিটি। গতকাল বুধবার অনুষ্ঠিত বাফুফের নির্বাহী কমিটির সভাশেষে সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান ফেডারেশনের সদস্য আমিরুল ইসলাম বাবু। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী।

তবে সাদের চিকিৎসার ব্যয়ভার বাফুফের বহন করার যে তথ্য বাবু দিয়েছেন, তা অধিকাংশ অর্থেই সত্যি নয়। কারণ অন্যদের মতো একজন জাতীয় ও আন্তর্জাতিক ফুটবলার হিসাবে সাদের ইনজুরির ব্যয়ভার বহন করবে ফিফা। ক্লাব প্রটেকশন স্কিমের আওতায় ফিফার কাছ থেকে এ সহযোগিতা পাবেন সাদ। তবে নাসের শাহরিয়ার জাহেদী জানান, ফিফার অর্থের বাইরে কোনো খরচ লাগলে তা বহন করবে বাফুফে। সাফে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন সাদ উদ্দিন। তার চিকিৎসা, অস্ত্রোপচার, হোটেলে থাকা এবং যাতায়াতসহ যাবতীয় অনেক খরচের প্রয়োজন। জানা গেছে, ফিফার কাছ থেকে কোনো আর্থিক সহায়তা পাওয়া গেলে সেটি আলাদা বিষয়। তবে চিকিৎসার ক্ষেত্রে কোনো ঘাটতি রাখতে চায় না বাফুফে।

নারী ফুটবল লিগ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে সভায়। নতুন করে লিগ আয়োজনের প্রস্তাব অনুমোদন করেছে নির্বাহী কমিটি। এতে ১০ থেকে ১২টি দল অংশ নিতে পারে বলে জানিয়েছেন আমিরুল ইসলাম বাবু। তবে লিগ শুরুর নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ফিফার নিয়ম অনুসরণ করেই প্রতিযোগিতাটি আয়োজন করা হবে। এ ছাড়া বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ১০টি দলকে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কমিটির যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৭ বসুন্ধরা কনভেনশন সেন্টারে বাফুফের কংগ্রেস অনুষ্ঠিত হবে।