বেলিংহাম-এমবাপ্পে ঝড়

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ এএম

প্রথমার্ধ শেষে স্কোরলাইন ছিল রিয়াল মাদ্রিদ ০, পিএসভি আইন্দহোভেন ১। তবে ম্যাচটির বাকি অর্ধ যারা দেখেননি তারা ম্যাচ শেষে স্কোরলাইনকে বিশ্বাস করার অবস্থাতেই যেন ছিলেন না। সান্তিয়াগো বার্নাব্যুতে গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচে প্রথমার্ধের ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে অপ্রতিরোধ্য হয়ে উঠে লস ব্লাঙ্কোসরা। পিএসভিকে ৫-১ গোলে হারিয়ে আসরের লিগ পর্বে টানা পঞ্চম জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে স্প্যানিশ জায়ান্টরা।

বদলি খেলোয়াড় জুড বেলিংহামের দৃষ্টিনন্দন ‘ট্রিভেলা’ গোল, কিলিয়ান এমবাপ্পের জোড়া লক্ষ্যভেদ এবং ভিনিসিয়ুস জুনিয়রের গোলখরা কাটানোর দিনে পাঁচ বছর পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশম জয়ের দেখাও পেল হোসে মরিনহোর দল।

ম্যাচের প্রথমার্ধে অবশ্য ছন্দ খুঁজে পেতে বেশ বেগ পেতে হয় স্বাগতিকদের; বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল পিএসভি। ৩২তম মিনিটে সভেন মাইনানসকে ডি-বক্সে অরেলিয়েঁ চুয়ামেনি ফাউল করলে পেনাল্টি পায় ডাচ চ্যাম্পিয়নরা, আর নিখুঁত স্পট-কিকে দলকে এগিয়ে দেন ইভান পেরিসিচ।

পিছিয়ে পড়ে বিরতিতে যাওয়া রিয়াল দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনটি পরিবর্তন আনে, যেখানে হালকা চোট কাটিয়ে মাঠে নামেন বেলিংহাম। ৫০তম মিনিটে ফেদেরিকো ভালভার্দে জোরালো শটে সমতা ফেরানোর ১০ মিনিট পরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বেলিংহাম। বক্সের বাইরে এমবাপ্পের বাড়ানো বল বাঁ পায়ে তুলে ডান পায়ে ভাসিয়ে রাখেন তিনি, এরপর ডান পায়ের বাইরের অংশের দুর্দান্ত এক লুপিং ভলিতে পোস্ট ছুঁইয়ে বল জড়ান দূরের কোনায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত