পার্থক্যটা বুঝল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার রেশ কাটতে না কাটতেই দক্ষিণ আফ্রিকায় গিয়ে বাংলাদেশের দলের আত্মবিশ্বাসের সব আলো ফিকে হয়ে গেছে। যে দল টেস্টে নতুন সম্ভাবনার স্বপ্ন ঝাণ্ডা ওড়াচ্ছিল, তারাই প্রোটিয়াদের সামনে এক মুহূর্তও দাঁড়াতে পারল না। ব্যাট হাতে উইকেট বিলানোর প্রতিযোগিতা, বল হাতে প্রতিপক্ষকে আটকে রাখতে না পারা আর ফিল্ডিংয়ে একের পর এক ভুলে পুরো সিরিজজুড়েই অসহায় আত্মসমর্পণের গল্প লিখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। জোহানেসবার্গে ৯ উইকেটের পর গতকাল সেঞ্চুরিয়নে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস এবং ২১৯ রানে হেরে ধবলধোলাইয়ের স্বাদ পেয়েছেন সফরকারীরা।

এমন বাজে পারফরম্যান্সের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে হতাশা ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন জায়গাতেই আমরা ভালো খেলতে পারিনি। এখানে অনেক জায়গায় উন্নতির সুযোগ আছে। সবসময় আমরা উন্নতির কথা বলি। একসঙ্গে উন্নতি করতে হবে। এমন কন্ডিশনে ক্যাচ ধরাও অনেক জরুরি।’ ধারাবাহিকতার অভাবও স্বীকার করে নেন তিনি, ‘আমার মনে হয় যে টেস্ট কন্ডিশনটা উপরের দিকে যাচ্ছিল। ভালো করছিলাম আমরা। তবে সম্প্রতি ৪-৫ টেস্ট আমরা ভালো খেলতে পারিনি। এখান থেকে যদি পরের ধাপে যেতে চাই, কীভাবে টানা ভালো করতে পারি এটা জরুরি। ধারাবাহিকতা বেশি জরুরি, দেশে বা দেশের বাইরে যেখানেই খেলি না কেন।’ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম অবশ্য প্রথম টেস্টে বাংলাদেশের লড়াইকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন, ‘বাংলাদেশকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। জোহানেসবার্গে তারা আমাদের কঠিন পরীক্ষায় ফেলেছিল। আমরা জানতাম, লড়াইটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

তবে সেই লড়াইয়ের ধারাবাহিকতা পরের ম্যাচে ধরে রাখতে পারেনি বাংলাদেশ। বরং সেঞ্চুরিয়নে ব্যাটে-বলে এমনভাবে বিধ্বস্ত হয়েছে, যা প্রতিকূল কন্ডিশনে টেস্ট সামর্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যর্থতার শুরু ব্যাটিং দিয়ে। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় দল। পরে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করেন প্রোটিয়ারা। তাতে ৪০৩ রানের পাহাড়সম লিড পান স্বাগতিকরা। সিরিজসেরার পুরস্কার জেতা মার্কেস অ্যাকারম্যানের দেড়শ এবং ম্যাচসেরা হওয়া ভিয়ান মুল্ডারের সেঞ্চুরির সামনে অসহায় হয়ে পড়েন বাংলাদেশের বোলাররা। লাইন-লেংথ ঠিক রাখতে না পারা, ধারাবাহিকভাবে চাপ তৈরি করতে ব্যর্থ হওয়া এবং প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলার সুযোগ দেওয়া সব মিলিয়ে বোলিং ছিল ছন্নছাড়া।

প্রথম ইনিংসের ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। শুরুতে সেই সম্ভাবনাও তৈরি করেন মাহফিজুল ইসলাম রবিন ও তানজিদ হাসান। ৫৮ রানের উদ্বোধনী জুটি গড়েন দুজন। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের এটিই সর্বোচ্চ উদ্বোধনী জুটি। কিন্তু এই জুটি ভাঙার পর আবারও পুরনো চেহারায় ফেরে সফরকারীদের ব্যাটিং বিভাগ। তানজিদ ২৯ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। পরের ওভারেই শূন্য রানে আউট হন মুমিনুল হক। এরপর ৩৮ রান করা রবিনের বিদায়ে ২০ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বসে তারা।

সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে রবিনের পারফরম্যান্স ছিল তুলনামূলক ইতিবাচক। ব্যাটিংয়ে সবচেয়ে হতাশ করেন অভিজ্ঞ মুমিনুল ও অধিনায়ক শান্ত। দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুলের দুর্দশা আরও দীর্ঘ হয়েছে। দুই টেস্টের চার ইনিংসে তার সংগ্রহ মাত্র ১৯ রান। শান্তর অবস্থাও ছিল নাজুক। চার ইনিংসে মোট ৬১ রান করেন অধিনায়ক। তাওহীদ হৃদয় ৩৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪১ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে কিছুটা আশার সঞ্চার করেন। কিন্তু তার বিদায়ের পর সেই আশাও শেষ হয়ে যায়। লিটন দাস ২৫ বলে ১৫ রান করে বোল্ড হন। জাকের আলী করেন মাত্র ২ রান। বিশেষ করে সেঞ্চুরিয়নে বাংলাদেশের ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন ছিল দৃষ্টিকটু। অফ স্টাম্পের বাইরের বলের প্রতি অযথা আগ্রহ, অপ্রয়োজনীয় শট খেলার প্রবণতা এবং বলের গুণাগুণ না বুঝে ব্যাট চালানোর মাসুল দিতে হয় একের পর এক উইকেট হারিয়ে।

এ নিয়ে হতাশা ঝরে অধিনায়ক শান্তর কণ্ঠেও, ‘অবশ্যই অনেক হতাশাজনক। অনেক অফ স্টাম্পের বাইরের বলে আমরা আউট হয়েছি। এমন কন্ডিশনে কাজটা কঠিন। ব্যাটিং ইউনিট হিসেবে এসব বল আমাদের ছাড়তে হবে। লম্বা ইনিংস খেলতে হবে। জোহানেসবার্গে প্রথম ইনিংস অবিশ্বাস্য ছিল (ব্যাটিংয়ে), তবে এখানে ঠিকভাবে মানিয়ে নিতে পারিনি আমরা।’

ম্যাচের শেষ দিকে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় আরও প্রকট হয়ে ওঠে। হৃদয় ও শান্তর ৫০ রানের জুটি ভাঙার পর শেষ ২৬ রানে হারায় ৬ উইকেট। এই ধসের মূল কারিগর মুল্ডার। প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর বল হাতে ৩১ রান দিয়ে ৭ উইকেট নেন তিনি। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের স্বাদ পাওয়ার পাশাপাশি একই টেস্টে সেঞ্চুরি ও ৭ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েন এই অলরাউন্ডার। নিজের পারফরম্যান্স নিয়ে মুল্ডার বলেন, ‘এটি আমার জন্য সত্যিই বিশেষ একটি অর্জন। কখনো ভাবিনি এমন কিছু করতে পারব। টেম্বা (বাভুমা) আমাকে কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করেছেন এবং অনেক সাহায্য করেছেন। দলের বড় জয়ে অবদান রাখতে পেরে আমি ভীষণ আনন্দিত।’

ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ নিতে না পারা, বলের পেছনে যথাযথ তৎপরতার অভাব এবং ফিল্ডিংয়ে সমন্বয়হীনতা প্রতিপক্ষকে বাড়তি সুবিধা দিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮ টেস্টে এটি বাংলাদেশের ১৬তম হার। বাকি দুটি ম্যাচ ড্র হলেও জয় এখনো অধরা। প্রোটিয়াদের মাঠে ইনিংস ব্যবধানে পরাজয়ের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ছয়ে।

সিরিজের আগে প্রত্যাশা ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের। প্রথম টেস্টে কিছু ব্যক্তিগত লড়াই থাকলেও দ্বিতীয় ম্যাচে সেই সামান্য প্রতিরোধটুকুও ধরে রাখতে পারেনি তারা। ব্যাটসম্যানদের দায়িত্বহীনতা, বোলারদের নি®প্রভতা এবং ফিল্ডারদের ভুলের সম্মিলিত ফল এই শোচনীয় ধবলধোলাই। অর্থাৎ সব বিভাগেই বিধ্বস্ত বাংলাদেশ দল। এবার ওয়ানডে সিরিজে নামবে তারা।