আ.লীগের বিলুপ্তি চেয়ে হাইকোর্টে রিট আবেদন

জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের বিলুপ্তি চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। নড়াইলের কালিয়ার বাসিন্দা এমএস মোস্তাফিজুর রহমানসহ সাতজনের পক্ষে গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট  আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির।

তিনি দেশ রূপান্তরকে বলেন, আ.লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনকে নিষিদ্ধ এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আর্জি জানানো হয়েছে রিট আবেদনে। পাশাপাশি সামাজিক মাধ্যমে দলটির পক্ষে প্রকাশিত সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেলসহ অন্যান্য কনটেন্ট এবং সহিংসতা উসকে দেয় এমন যেকোনো কনটেন্ট অপসারণ ও ব্লক করার নির্দেশনা চাওয়া হয়েছে। আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন এবং এর সঙ্গে সম্পৃক্ত অন্য প্রতিটি সংগঠন, সংসদের একটি আইন অথবা অধ্যাদেশের মাধ্যমে সরাসরি নিষিদ্ধ ও রাজনৈতিক দল হিসেবে কেন বিলুপ্ত করা হবে না,  সন্ত্রাসী সংগঠন হিসেবে কেন ঘোষণা ও তালিকাভুক্ত করা হবে না এ মর্মে রুলের আর্জি জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের রিট আবেদনে বিবাদী করা হয়েছে। ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, আগামী রবিবার কার্যতালিকায় এলে হাইকোর্টের একটি বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে।