শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ডিসেম্বরজুড়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচির মধ্যে রয়েছে দেশব্যাপী গ্রাফিতি অঙ্কন, শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা, কফিন মিছিল, বিনামূল্যে চিকিৎসাসেবা, সাংস্কৃতিক আয়োজন ও বিজয় র্যালি। আগামী ১৮ ডিসেম্বর ঢাকায় সর্বদলীয় শহীদি সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।
গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির নেতারা।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা জানান, ১-৩ ডিসেম্বর দেশজুড়ে গ্রাফিতি অঙ্কন ও পোস্টারিং করা হবে। ৬ ডিসেম্বর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা, ৮ ডিসেম্বর বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প এবং ৯ ডিসেম্বর রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা হবে। ১১ ডিসেম্বর বায়তুল মোকাররম থেকে কফিন মিছিল, ১৩ থেকে ১৫ ডিসেম্বর ‘ওসমান হাদি ফেস্ট’ এবং ১৬ ডিসেম্বর বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। ১৮ ডিসেম্বর দেশব্যাপী বিক্ষোভ মিছিলের পাশাপাশি ঢাকায় সর্বদলীয় শহীদি সমাবেশ হবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের জানা, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে সংগঠনটি।