মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ২৩তম কাউন্সিল সভা ও ১৯তম গ্র্যাজুয়েশন সেরিমনি গতকাল বুধবার সেনানিবাসে অবস্থিত এমআইএসটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিল অব এমআইএসটির সভাপতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এমআইএসটির কাউন্সিল সভায় প্রতিষ্ঠানের চলমান অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার উৎকর্ষ সাধনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কাউন্সিল সভা শেষে প্রধান অতিথি এমআইএসটির নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।
প্রধান অতিথি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পদক ও সনদ বিতরণ করেন। তিনি ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্র ধারণ করে মেধা ও মননের পূর্ণ বিকাশের মাধ্যমে দেশের অগ্রযাত্রায় অবদান রাখার জন্য গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন স্পিকার ছিলেন বিশিষ্ট অভিনেতা ও প্রকৌশলী আবুল হায়াত। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানরা উপস্থিত ছিলেন।
এমআইএসটির ১৯তম গ্র্যাজুয়েশন সেরিমনিতে ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৩,৬৬৮ জন শিক্ষার্থী স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৯৪৩ জন সামরিক, ২,৭১৮ জন বেসামরিক এবং সাতজন বিদেশি শিক্ষার্থী ছিলেন। কৃতিত্বপূর্ণ ফলের স্বীকৃতিস্বরূপ ২০০২-২০০৯ এবং ২০২০-২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন বিভাগের ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ওসমানী মেমোরিয়াল গোল্ড মেডেল’ এবং ৬৫ জন শিক্ষার্থীকে ‘এমআইএসটি মেডেল’ প্রদান করা হয়। আইএসপিআর