উদ্ধারের বোট বালুচরে বন্দি

বন্যার পানিতে যখন চারদিক থইথই করে, ঘরবাড়ি তলিয়ে গিয়ে পানিবন্দি হয়ে পড়ে হাজারো মানুষ; তখন শিশু, নারী ও বৃদ্ধদের উদ্ধারে কিংবা দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দিতে নৌযানের কোনো বিকল্প থাকে না। আর্তমানবতার সেই জরুরি মুহূর্তে ব্যবহারের জন্যই প্রায় ৬ বছর আগে কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছিল চারটি ‘রেসকিউ বোট’ (উদ্ধারকারী নৌযান)। কিন্তু বন্যাপ্রবণ কুড়িগ্রামে মানুষের জীবন বাঁচানোর বদলে বোটগুলো এখন নিজেই ধুঁকছে অযতœ-অবহেলায়।

সরেজমিন দেখা গেছে, কুড়িগ্রামের ধরলা নদীর অববাহিকায় শুকনো বালুচরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকার এই বোট চারটি। দীর্ঘদিন ধরে রোদ-বৃষ্টিতে পড়ে থাকায় নষ্ট হচ্ছে এর মূল্যবান যন্ত্রাংশ। নেই কোনো নিয়মিত ব্যবহার, নেই রক্ষণাবেক্ষণের ন্যূনতম উদ্যোগও। সরকারি অর্থে কেনা জীবন রক্ষাকারী এসব বোটের এমন বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাদের প্রশ্ন দুর্যোগের ঘনঘটায় মানুষের প্রাণ বাঁচাতে কেনা বোটগুলো যদি কাজে না-ই আসে, তবে জনগণের কোটি টাকা খরচের সার্থকতা কোথায়?

নদ-নদীবেষ্টিত জেলা কুড়িগ্রাম। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারসহ বিভিন্ন নদ-নদীর অববাহিকায় প্রতিবছরই বন্যার কবলে পড়েন হাজার হাজার মানুষ। বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি পেলে প্লাবিত হয় জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল। পানিবন্দি হয়ে পড়ে বহু পরিবার। অনেক সময় ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয় উঁচু স্থান কিংবা আশ্রয়কেন্দ্রে। বিচ্ছিন্ন হয়ে পড়ে চরাঞ্চলের যোগাযোগব্যবস্থা। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষকে উদ্ধার এবং তাদের কাছে ত্রাণ পৌঁছে দিতে রেসকিউ বোটের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ করে দুর্গম চরাঞ্চলে বন্যার পানি বেড়ে গেলে শিশু, নারী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। কোথাও কোথাও নৌযানের অভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমও ব্যাহত হয়। এমন পরিস্থিতি মোকাবিলায় রেসকিউ বোটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। কিন্তু বাস্তবে সেগুলো পড়ে রয়েছে নদীর বালুচরে। ফলে বন্যার সময় এসব বোট কতটা কার্যকরভাবে ব্যবহার করা যাবে, তা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বোটগুলোর বর্তমান অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেবে। পাশাপাশি এগুলো পরিচালনার জন্য পর্যাপ্ত লোকবল ও বরাদ্দ নিশ্চিত করা হবে, যাতে মানুষের জীবন বাঁচানোর জন্য কেনা সরকারি সম্পদ আর বালুচরে পড়ে থেকে নষ্ট না হয়।

স্থানীয়দের অভিযোগ, বোটগুলো কেনার পর থেকে যথাযথ তদারকি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় সেগুলোর কার্যকারিতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের মতে, শুধু সরকারি অর্থ ব্যয় করে উদ্ধারযান কিনলেই দায়িত্ব শেষ হয় না। সেগুলো সচল রাখতে নিয়মিত দেখভাল, প্রয়োজনীয় মেরামত এবং পরিচালনার জন্য লোকবলও নিশ্চিত করতে হয়।

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, কুড়িগ্রামে প্রতিবছর বন্যা হয়। তখন অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েন। বিশেষ করে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। তাদের উদ্ধার করতে নৌযানের প্রয়োজন হয়। অথচ সরকারি টাকায় কেনা বোটগুলো পড়ে থেকে নষ্ট হচ্ছে।

হামিদুল ইসলাম নামের আর একজন বলেন, বোটগুলো দ্রুত মেরামত করে ব্যবহারের উপযোগী করা প্রয়োজন। একই সঙ্গে এগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামের ব্যবস্থা করা দরকার। তা না হলে ভবিষ্যতে বড় ধরনের বন্যা কিংবা অন্য কোনো দুর্যোগের সময় গুরুত্বপূর্ণ এসব উদ্ধারযান কোনো কাজে আসবে না।

এ বিষয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, প্রয়োজনীয় লোকবল ও বরাদ্দ না থাকায় বোটগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ কিংবা সচল রাখা সম্ভব হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।