আ.লীগ নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতায় বহিষ্কার বিএনপি নেতা

বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী মো. মিজানুর রহমান মিজানের সঙ্গে সাংগঠনিকভাবে কোনো প্রকার যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগ উঠেছে, স্থানীয়ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছেন বিএনপি নেতারা। তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন তারা। ইতিপূর্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় বা সহযোগিতা করলে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে বিএনপি নেতৃত্ব। দলীয় নেতাদের মতে, বিতর্কিত ব্যক্তিদের আশ্রয় দিলে দলের ভাবমূর্তি ক্ষুণœ হয় এবং গোপনে সংগঠিত হওয়ার চেষ্টায় সহায়তা করা হলে তা আইনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। চাঁদাবাজি, দখলদারত্ব ও শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বা ঘনিষ্ঠতার বিষয়গুলো খতিয়ে দেখতে তৃণমূল পর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। ইতিপূর্বে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের পরোক্ষভাবে সহযোগিতা এবং পুলিশি অভিযানে বাধা দেওয়ার অভিযোগে সিলেটের কানাইঘাটে বিএনপি নেতা আফসর হোসেনকে সাময়িক বহিষ্কার করেছে জেলা বিএনপি।