২৪ ঘণ্টায় ঢাকায় আ.লীগের ৪৯ জনসহ গ্রেপ্তার ৪৯৯

রাজধানীতে নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৯ জনসহ ৪৯৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৫২টি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার ও মামলার বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৩ জন, লালবাগ বিভাগে ৫৯, ওয়ারী বিভাগে ৭৯, মতিঝিল বিভাগে ৪৫, তেজগাঁও বিভাগে ৬৬, মিরপুর বিভাগে ১৩৯, গুলশান বিভাগে ৪৪, উত্তরা বিভাগে ৪২  ও গোয়েন্দা বিভাগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময়  একটি করে রিভলভার, চাপাতি, চারটি ককটেল,সেলাই রেঞ্জ, ৭টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ১৩০৭ পিস ইয়াবা, ৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, সাতটি মোবাইলফোন, ৩২৯০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।