দেশের প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছে সরকার। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ ও উন্নত খাদ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়। তাই মেধাবী জাতি গঠনের স্বপ্নের সঙ্গে পুষ্টির নিরাপত্তা গভীরভাবে জড়িত। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদার ৫৬ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে পূরণ হচ্ছে। প্রাণিজ আমিষের উৎপাদন শুধু খাদ্যনিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যের সারসংক্ষেপে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের গ্রামীণ ও কৃষি অর্থনীতির প্রাণ হলো কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ। মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজেদের উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা কঠিন হবে না। এ জন্য প্রয়োজন সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন।
প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাত অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি ধীরে ধীরে রপ্তানিমুখী শিল্পে পরিণত হচ্ছে। বর্তমান সরকারের সময়ে ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এ খাতের বিকাশে সরকার সব ধরনের নীতিগত ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে খামারিদের অবদানের জন্য তাদের ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব। আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারি প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে একদিকে দেশের স্বনির্ভরতা বাড়বে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।
রপ্তানি সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতেও সক্ষম হয়েছে। এভাবে নতুন নতুন রপ্তানি বাজার খুঁজে বের করতে হবে। দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্য রপ্তানিরও ব্যাপক সম্ভাবনা রয়েছে।
পোলট্রি শিল্পের অগ্রগতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ যুক্ত, যাদের ৪০ শতাংশ নারী। বর্তমানে পোলট্রি খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।
তিনি জানান, দেশে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি জীবিকা নির্বাহের জন্য পশু পালন করছেন। সারা দেশে ছড়িয়ে থাকা এসব খামার খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানিতে অবদান রাখছে। তাই খামারিদের দোরগোড়ায় পশুর চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নের অন্যতম বড় বাধা বিভিন্ন ধরনের রোগবালাই। বর্তমানে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশুচিকিৎসায় ১৭ ধরনের রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছে। পাশাপাশি গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
মহিষ পালন ও উৎপাদন বাড়ানোর বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওর এলাকায় মহিষের প্রাপ্যতা ও উৎপাদন বেশি। এসব এলাকায় জেগে ওঠা নতুন চর এবং সরকারি খাসজমি সমবায়ভিত্তিক বন্দোবস্তের মাধ্যমে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।
পোষা প্রাণী ও পাখি পালনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে শহরাঞ্চলে আর্থিকভাবে সচ্ছল মানুষের মধ্যে পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বেড়েছে। এসব প্রাণী মানুষের মানসিক প্রশান্তির পাশাপাশি অনেকের আয়ের উৎসও হয়ে উঠেছে। তবে মানুষের পাশাপাশি পশুপাখির অধিকারও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, প্রাণীদের ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখা, অস্বস্তি, ব্যথা, আঘাত ও রোগ থেকে সুরক্ষা দেওয়া এবং স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে তাদের ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখতে হবে। পশুপাখির অধিকার সম্পর্কে সচেতন হওয়া প্রত্যেক মানুষের মানবিক দায়িত্ব।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের উদ্দেশ্য সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরা হয়। খামারিরাই এ খাতের মূল চালিকাশক্তি। তাঁদের মেধা, পরিশ্রম, নিষ্ঠা ও উদ্যোগেই দেশের প্রাণিসম্পদ খাত এগিয়ে যাচ্ছে। তাই খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ অর্জন প্রাণিসম্পদ খাতে তাঁদের অবদানের স্বীকৃতি। এটি দেশের লাখো উদ্যোক্তা, গবেষক ও এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুপ্রাণিত করবে। প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উৎপাদিত প্রাণী ও প্রাণিজ পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে খাদ্যনিরাপত্তা এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই প্রাণিসম্পদ খাত দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে।