তরুণ প্রকৌশলীদের দক্ষতা বাড়াতে ফ্রেশারজের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর শুরু

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

তরুণ প্রকৌশলীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠান ফ্রেশারজ শুরু করেছে দেশব্যাপি ইন্ডাস্ট্রিয়াল ট্যুর।

এই উদ্যোগের অংশ হিসেবে গত বুধবার (২৫ নভেম্বর) বেলা ২টায় গাজীপুরে অবস্থিত অ্যাডেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। 

এই সময় তারা প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শনের পাশাপাশি উৎপাদন প্রক্রিয়া, মেশিন পরিচালনা, রক্ষণাবেক্ষণ, গুণগত মান নিয়ন্ত্রণ ও পরীক্ষাপদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন। যা পরবর্তীতে তাদের একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব শিল্পকারখানার কাজের সমন্বয় ঘটাবে বলে জানান প্রত্যেকে। 

অ্যাডেক্স কর্পোরেশন লিমিটেডের একটি অঙ্গপ্রতিষ্ঠান হলো অ্যাডেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড। যারা বাংলাদেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি ও পাওয়ার সিস্টেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। 

ইন্ডাস্ট্রিয়াল ট্যুর আয়োজনের বিষয়ে জানতে চাইলে ফ্রেশারজ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোজাম্মেল হোসেন বলেন, শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন করলেই একজন শিক্ষার্থীকে দক্ষ করে তোলা সম্ভব নয়। বাস্তব কর্মক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি আরো বলেন, এ ধরনের ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পকারখানার কাজ, উৎপাদন প্রক্রিয়া ও বিভিন্ন প্রযুক্তিগত বিষয়ে সরাসরি জানার সুযোগ পান। যা পরবর্তী সময়ে তাঁদের কর্মজীবনে বাস্তব অভিজ্ঞতা কাজে লাগাতে, দক্ষতা বাড়াতে এবং কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে বলে আমার বিশ্বাস। 

ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অ্যাডেক্স কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারানা আলী ও কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. বেলাল হোসেন। এতে ঢাবি, বুয়েট, এইউএসটি, এআইইউবি, ইস্ট ওয়েস্ট ও সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশ নেন।  

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের কর্মজীবনের জন্য প্রস্তুত করতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং জব-রেডি ট্রেনিংয়ের মতো বিভিন্ন প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতাভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে ফ্রেশারজ।

সর্বশেষ সর্বাধিক পঠিত