সহিংসতার পর কী ঘটছে গোপালগঞ্জে?

সহিংসতায় ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনা পুনর্গঠন, ট্রেন চলাচল, উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারি বরাদ্দ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে গোপালগঞ্জের কয়েকটি উপজেলার মানুষ প্রশাসনিক ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আটকে গেছে জেলার উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় ৫০০ কোটি টাকার অর্থও। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোয় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান। খবর বিবিসি বাংলা ও জেলা প্রতিনিধির।

 

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গোপালগঞ্জে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে সহিংসতায় ক্ষতিগ্রস্ত থানা ও অন্যান্য সরকারি স্থাপনার কার্যক্রম স্বাভাবিক করার বিষয়েও এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। জেলা পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সরকারি বরাদ্দও আপাতত স্থগিত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে জেলার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বরাদ্দ হওয়া প্রায় ৫০০ কোটি টাকার অর্থায়ন আটকে গেছে।

জেলা বিএনপির নেতাদের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, ডিসেম্বরে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসব কার্যক্রম বন্ধ বা স্থগিত রাখা হচ্ছে। তবে বিএনপির কেন্দ্রীয় নেতা ও গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী এলাকার সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেছেন, পরিস্থিতি বিবেচনায় সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে। এগুলো সাময়িক ব্যবস্থা। পরিস্থিতি স্বাভাবিক হলে নাগরিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড আবার চালু হবে।

স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের পরিস্থিতি। ছবি: প্রতিনিধি

তবে সহিংসতার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করা হলেও এর প্রভাব কেন পুরো জেলার সাধারণ মানুষের ওপর পড়বে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কোনো একটি জেলা বা উপজেলার সহিংসতার কারণে সামগ্রিক নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম বন্ধ রাখা কতটা যৌক্তিক, সেই প্রশ্নও সামনে এসেছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘আইনশৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কোনো পরিস্থিতির কারণে প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হলেও শেষ পর্যন্ত সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে।’

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে সামনে রেখে গোপালগঞ্জে মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা। গত সপ্তাহে টুঙ্গিপাড়া ও সদর উপজেলার কয়েকটি এলাকায় এসব কর্মসূচি পালিত হয়। এতে সংশ্লিষ্ট এলাকার মানুষের মধ্যে কিছুটা ভীতি ও উদ্বেগ তৈরি হয়েছে।

গত সপ্তাহে গোপালগঞ্জে দুই দিনের সহিংসতায় টুঙ্গিপাড়া, কাশিয়ানীসহ কয়েকটি এলাকার পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িঘর ছাড়াও টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে থানা দুটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। সহিংসতার পর টুঙ্গিপাড়া থেকে পুলিশ সদস্যদের এলাকা ছেড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কঠোর নজরদারিতে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: প্রতিনিধি

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানান, আপাতত মুকসুদপুর থানার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুড়ে যাওয়া থানা পুনর্গঠন করে কার্যক্রম চালুর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর পদক্ষেপ নিচ্ছে। তবে সেখানে এখনই থানা পরিচালনার মতো পরিস্থিতি নেই।

জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি বাইরে থেকে যেমন দেখা যাচ্ছে, প্রশাসনও তেমনটাই দেখছে। জনসেবা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে বসানো হয়েছে পুলিশের নিরাপত্তাচৌকি। পাশাপাশি বিভিন্ন সড়কে চলছে নিয়মিত টহল। পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা যৌথভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।

নিরাপত্তা জোরদারের ফলে ধীরে ধীরে কর্মচঞ্চল হয়ে উঠছে গোপালগঞ্জের জনজীবন। খুলতে শুরু করেছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। সড়কে চলাচল করছে স্বল্প ও দূরপাল্লার যানবাহন। শহরের লঞ্চঘাট, চৌরঙ্গী ও বেদগ্রাম এলাকায় মানুষের চলাচল বেড়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি অফিসও খুলেছে। শিক্ষার্থীরা ফিরতে শুরু করেছে শ্রেণিকক্ষে।

সতর্ক অবস্থানে আনসার বাহিনী। ছবি: পুলিশ

তবে সব ক্ষেত্রে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। গোপালগঞ্জ থেকে রাজশাহী ও ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে রেলপথে যাতায়াতকারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ অবস্থায় গোপালগঞ্জে একদিকে নিরাপত্তা জোরদার ও জনজীবন স্বাভাবিক করার চেষ্টা চলছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত থানা পুনর্গঠন, রেল যোগাযোগ চালু এবং উন্নয়ন বরাদ্দ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। সাধারণ মানুষ দ্রুত পরিস্থিতির স্থায়ী সমাধান এবং স্বাভাবিক নাগরিক সেবা ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন।