এবার গোপালগঞ্জে বিকাশ-নগদ গ্রাহকদের ভোগান্তি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের লেনদেনে সমস্যার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বিশেষ করে বিকাশের কিছু গ্রাহকের অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ায় টাকা উত্তোলন, পাঠানো ও পেমেন্ট—কোনো কিছুই করতে পারছেন না তাঁরা।

অন্যদিকে, সেবা না পেয়ে বিকাশের স্থানীয় ডিস্ট্রিবিউটর ও সার্ভিসিং পয়েন্টে গিয়েও ফিরে আসতে হচ্ছে অনেক গ্রাহককে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিকাশ ও নগদের লেনদেন নিয়ে সমস্যার কথা জানান গ্রাহকরা।

অনেকের অভিযোগ, কোনো ধরনের পূর্বনোটিশ ছাড়াই তাদের অ্যাকাউন্টে লেনদেন বন্ধ হয়ে গেছে। কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে অনৈতিক লেনদেনের কারণে সাময়িকভাবে অ্যাকাউন্ট বন্ধ রাখার কথা জানানো হলেও কী ধরনের লেনদেনের কারণে এমনটি হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হচ্ছে না। কারও অ্যাকাউন্টে জমানো টাকা আটকে থাকায় প্রয়োজনের সময় সেই টাকা ব্যবহার করতে পারছেন না।

তবে বিকাশের সব অ্যাকাউন্টে লেনদেন বন্ধ নেই বলে জানিয়েছেন স্থানীয় একজন এজেন্ট। তার দাবি, যেসব গ্রাহকের অ্যাকাউন্ট সচল রয়েছে, তাঁরা স্বাভাবিকভাবেই লেনদেন করতে পারছেন। তাঁর দাবি, কিছু গ্রাহকের অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গোপালগঞ্জের কাঁচাবাজার এলাকার বিকাশ এজেন্ট মো. শাকিল বলেন, বুধবার থেকে অনেক গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে সমস্যা দেখা দিয়েছে। কেউ টাকা উত্তোলন করতে পারছেন, আবার কেউ পারছেন না। এ কারণে গ্রাহকরা দোকানে এসে ভিড় করছেন এবং ভোগান্তিতে পড়ছেন। বিকাশের পাশাপাশি নগদ ও রকেটের লেনদেন নিয়েও সমস্যার কথা শুনেছেন বলে জানান তিনি।

এদিকে, বিকাশের স্থানীয় ডিস্ট্রিবিউটর ও সার্ভিসিং পয়েন্ট বন্ধ থাকায় ভোগান্তি আরও বেড়েছে। সমস্যা সমাধানের আশায় সেখানে গিয়েও কাউকে না পেয়ে ফিরে আসছেন গ্রাহকরা।

শুধু সাধারণ গ্রাহক নন, মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। ব্যবসায়ীরা জানান, পণ্য কেনাবেচা, সরবরাহকারীদের টাকা পরিশোধ এবং গ্রাহকদের কাছ থেকে মূল্য গ্রহণের বড় একটি অংশ বিকাশ ও নগদের মাধ্যমে সম্পন্ন হয়। লেনদেনে বিঘ্ন ঘটায় ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কমে গেছে ক্রেতা ও বিক্রির পরিমাণও।

ভুক্তভোগী গ্রাহক ও ব্যবসায়ীরা দ্রুত বিকাশ, নগদ ও রকেটের স্বাভাবিক লেনদেন নিশ্চিত করার পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলোর সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তবে এ বিষয়ে বিকাশ, নগদ ও রকেট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত