দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের বিএনপির ছয় নেতা পদত্যাগ করেছেন। উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে এক সংবাদ সম্মেলনে তারা বুধবার (২৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পাটগাতী ইউনিয়ন শাখার বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট নন। এ কারণে সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজ নিজ সিদ্ধান্তে দলের নিজ নিজ পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
বক্তব্যে পদত্যাগকারী ছয় নেতা দাবি করেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেওয়া হয়েছে। এ বিষয়ে কারও কোনো চাপ, প্ররোচনা কিংবা প্রভাব নেই। তাদের এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সবাইকে অবহিত করতে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সংবাদটি প্রকাশের অনুরোধ জানান তারা।
তবে এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।