মেসিদের লিগে আসছে নতুন প্লে-অফ নিয়ম 

আন্তর্জাতিক ফুটবলের গ্রীষ্ম-বসন্ত সূচির সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি নিয়মিত মৌসুমের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ ফরম্যাটে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ২০২৭-২৮ মৌসুম থেকেই নতুন কাঠামোয় গড়াবে এমএলএস কাপ প্লে-অফ। 

‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্লে-অফে জায়গা পাওয়া দলের সংখ্যা ১৮ থেকে কমিয়ে ১৬ করা হচ্ছে এবং প্রথম রাউন্ডের আগে থাকা ওয়াইল্ড-কার্ড ম্যাচগুলো তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি ২০২৩ সাল থেকে চালু থাকা প্রথম রাউন্ডের ‘বেস্ট-অফ-থ্রি’ পদ্ধতি বাতিল করে নতুন ফরম্যাটে প্রথম দুই রাউন্ড হবে ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ দুই লেগের সিরিজ, আর সেমি-ফাইনাল ও এমএলএস কাপ ফাইনাল অনুষ্ঠিত হবে এক ম্যাচের নকআউট হিসেবে।

১৯৯৬ সালে লিগ শুরুর পর এটি হবে এমএলএসের ষষ্ঠ প্লে-অফ ফরম্যাট; যেখানে প্রথম দুই রাউন্ডের দুই লেগে স্কোর সমান থাকলে অ্যাওয়ে গোল বা সিডিংয়ের হিসাব না ধরে সরাসরি অতিরিক্ত সময় ও টাইব্রেকারে নিষ্পত্তি হবে ফল। সেমি-ফাইনাল ও ফাইনালে উচ্চতর সিডিংয়ের দল ঘরের মাঠে খেলবে, আর মোট ২৭ ম্যাচের এই নতুন কাঠামোয় প্লে-অফে ওঠা প্রতিটি দলই অন্তত একটি করে হোম ম্যাচ ও টিকিট আয়ের নিশ্চয়তা পাবে। 

এর আগে ২০২৭ সালের বসন্তে ১৪ ম্যাচের সংক্ষিপ্ত ‘স্প্রিন্ট সিজন’ শেষে মে মাসে ১৬ দলের এক ম্যাচের নকআউট প্লে-অফ হবে, এবং তা শেষ হওয়ার পর জুলাই ২০২৭ থেকে কার্যকর হবে নতুন এই ব্যবস্থা। অস্ট্রেলিয়ান রুলস ফুটবলের আদলে ২০ দলের ডাবল-এলিমিনেশন ফরম্যাট নিয়ে ভাবা হলেও ক্লাব মালিকদের কাছে তা জটিল মনে হওয়ায় সেই পথে হাঁটেনি এমএলএস। কারণ বর্তমান ফরম্যাটে প্রায় ৬০ শতাংশ দল প্লে-অফে যাওয়ায় মৌসুমের মাঝামাঝি বা শেষ দিকে দুর্বল পারফরম্যান্সেও দলগুলো টিকে থাকার সুযোগ পাচ্ছে, যেমন এ বছর বিশ্বকাপ-পরবর্তী ১৬ ম্যাচে মাত্র এক জয় নিয়েও প্রথম রাউন্ডে জায়গা করে নিয়েছে রিয়াল সল্ট লেক।

গত আগস্টে প্রতিযোগিতার সূচি বদল পর্যালোচনার অংশ হিসেবে প্লে-অফ কাঠামো নিয়ে কাজের কথা জানিয়েছিলেন এমএলএসের এক মুখপাত্র। এদিকে লিগের নিয়মিত মৌসুমের তীব্রতা ও অবনমন ব্যবস্থা না থাকা নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা তুলেছেন লিগের তারকা ফুটবলাররাও; সন হিউং-মিনের পাশাপাশি অবনমন না থাকায় চাপের ভিন্নতার কথা বলেছেন টমাস মুলার। 

কানাডার সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউজ’-কে মুলার বলেন, ‘এখানে কোনো অবনমন নেই, তাই বড় কোনো চাপও নেই। সবাই বলে, ‘আচ্ছা, আমরা দল নতুন করে গড়ছি।’ হারতে কেউই পছন্দ করে না, কিন্তু অবনমন এড়ানোর লড়াইয়ের অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। অবনমিত হলে পরের বছর ক্লাবের বাজেট কমে যায়, অনেকের চাকরি চলে যায়, সমর্থকদের আবেগ আর চাপও থাকে ভিন্ন মাত্রার। ইউরোপে লিগের তলানির দলের বিপক্ষে খেললে দেখা যায় তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে জীবন দিয়ে লড়ছে। কিন্তু এখানকার সিস্টেমের কারণে দলগুলো রক্ষণভাগে কিছুটা উদাসীন বা নির্ভার থাকে। অবশ্য খেলাটা খোলামেলা হওয়ায় দারুণ কিছু আক্রমণাত্মক ফুটবল দেখা যায়।’ 

সব মিলিয়ে প্লে-অফের জায়গা সংকুচিত করা ও সূচির সময়সূচি গুছিয়ে আনার মধ্য দিয়ে নিয়মিত মৌসুমের প্রতিটি ম্যাচকে আরও অর্থবহ করার পাশাপাশি উত্তর আমেরিকার অন্যান্য পেশাদার লিগের সঙ্গে প্লে-অফে অংশগ্রহণের হারে সামঞ্জস্য আনতে চাইছে এমএলএস।