সাফল্যের খাতা আর কৌশলগত নিখুঁত ছকের বাইরে ফুটবলের কিছু সিদ্ধান্ত লেখা থাকে নিখাদ আবেগের ক্যানভাসে। লিওনেল মেসিকে অন্য কোনো দলে ভেড়ানোর চেষ্টা না করার পেছনে তেমনই এক বার্সেলোনা-প্রীতির কথা জানালেন পেপ গার্দিওলা। সাবেক সতীর্থ রোমারিওর পডকাস্ট ‘রোমারিও টিভি’-তে দেওয়া সাক্ষাৎকারে এই স্প্যানিশ কোচ স্পষ্ট করেছেন, অর্থ বা কৌশলগত হিসাব নয়, বরং কাতালান ক্লাবটির প্রতি নিজের গভীর অনুরাগই তাঁকে মেসির দরজায় কড়া নাড়তে দেয়নি।
বার্সেলোনা ছাড়ার পর বায়ার্ন মিউনিখ এবং সবশেষ ম্যানচেস্টার সিটিতে এক দশকের বেশি সময় ধরে কোচ ছিলেন গার্দিওলা; তবুও কখনোই মেসিকে ফোন করে নিজের দলে টানার চেষ্টা করেননি তিনি। রোমারিও টিভিতে দেওয়া সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, ‘আমি কখনো তাঁকে ফোন করিনি। আমি বার্সার সমর্থক, আমি চেয়েছিলাম তিনি সেখানেই থাকুন।’
২০০৮ থেকে ২০১২, এই চার বছরে বার্সেলোনার ইতিহাসে এক সোনালি অধ্যায় রচনা করেছিলেন গার্দিওলা ও মেসি। একসঙ্গে তাঁরা জিতেছেন ১৪টি শিরোপা; যার মধ্যে রয়েছে দুটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা, দুটি কোপা দেল রে, তিনটি স্প্যানিশ সুপার কাপ, দুটি উয়েফা সুপার কাপ এবং দুটি ক্লাব বিশ্বকাপ। ২০০৯ সালে ফুটবল ইতিহাসের প্রথম দল হিসেবে এক পঞ্জিকাবর্ষে ছয়টি শিরোপা জয়ের ঐতিহাসিক ‘সেক্সটুপল’ কীর্তিও গড়েছিল তাঁদের সেই জুটি।
তবে কেবল ট্রফির সংখ্যা নয়, অনুশীলনে মেসির অবিশ্বাস্য জেতার তাড়নাও আলাদাভাবে মনে রেখেছেন গার্দিওলা। তিনি বলেন, ‘অনুশীলনে তাঁকে কোনো একটি ম্যাচ হারতে দেখেছি বলে আমার মনে পড়ে না।’
বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের ক্যারিয়ার নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘দ্য লাস্ট ড্যান্স’ দেখার পর মেসির সেই প্রতিযোগিতামূলক মানসিকতার সঙ্গে জর্ডানের ব্যক্তিত্বের মিল খুঁজে পেয়েছিলেন এই কোচ।
১৯৯৩-৯৪ মৌসুমে ইয়োহান ক্রুইফের ঐতিহাসিক ‘ড্রিম টিম’-এ রোমারিওর সঙ্গে একসঙ্গে খেলার স্মৃতিও বহন করেন গার্দিওলা। দীর্ঘ ডাগআউট অধ্যায় শেষে আপাতত কোচিং থেকে দূরে থাকা এই স্প্যানিশ মাস্টারমাইন্ড ভবিষ্যতে ফেরার বিষয়ে নিজের মনের তাগিদকেই প্রাধান্য দিচ্ছেন। নিজের ভবিষ্যৎ ভাবনা নিয়ে গার্দিওলা বলেন, ‘আমি যদি কখনো ফিরি, তবে তা হবে নিজের সহজাত প্রবৃত্তি বললে এবং কেউ আমাকে চাইলে। তবে অনেক বছর কেটে গেছে, অনেক ম্যাচ হয়ে গেছে।’
সিরিজ হারের পর শান্ত, ‘উই হ্যাভ সাম পজিটিভস’