সাব-সাহারান আফ্রিকার মাঝারি আকারের, চকচকে কালো রঙের পাখি ফর্ক-টেলড ড্রঙ্গো। পাখিটি অন্য প্রাণীকে ধোঁকা দিয়ে খাবার চুরির অদ্ভুত কৌশলের জন্য বিশ্বখ্যাত। এরা দৈনিক খাবারের প্রায় ২৩ শতাংশ খাবার চুরি করে জোগাড় করে। ছোট আকারের আফ্রিকান পাখিটি অন্য পাখি বা প্রাণীর কণ্ঠ অনুকরণ করে বিভ্রান্ত করতে সিদ্ধহস্ত। পাখিটি প্রায় ৫১ ধরনের বিপদসংকত দিতে পারে। এর মধ্যে ৬টি নিজস্ব এবং বাকি ৪৫টি মিরক্যাট, অন্য পাখি বা প্রাণীর কণ্ঠ নকল করা। শিকারি প্রাণীদের নিজের ভাষায় সংকেত দিলে তারা বেশি ভয় পায় এবং দ্রুত খাবার ফেলে পালায়। কালাহারি মরুভূমিতে পাখিরা যখন বড় পোকা বা খাবার খুঁজে পায়, ড্রঙ্গো তখন গলার স্বরে শিকারি প্রাণী (যেমন বাজপাখি বা শিয়াল) আগমনের মিথ্যা বিপদ সংকেত দেয়। অন্যরা ভয়ে খাবার ফেলে লুকালে ড্রঙ্গো তা খেয়ে নেয়। এভাবে দৈনিক প্রায় ২৩ শতাংশ খাবার চুরি করে তারা। টম ফ্লাওয়ার নামে এক গবেষকের পরীক্ষায় দেখা গেছে, প্রথমবার মিথ্যা সংকেত ব্যর্থ হলে, ড্রঙ্গো পরেরবার সংকেতের ধরন বদলে ফেলে। তখন নিজের ডাক ছেড়ে মিরক্যাটের নিজস্ব বিপদসংকেত নকল করে। বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে এরা বারবার নকল করা ডাকের ধরন পরিবর্তন করতে পারে। পাখিটি মূলত পতঙ্গভুক। উড়ন্ত অবস্থায় তারা পোকামাকড়, ঘাসফড়িং, গুবরে পোকা এবং প্রজাপতি শিকার করে। ছোট হলেও এরা আক্রমণাত্মক। নিজের বাসা রক্ষার জন্য তারা বাজপাখি বা ঈগলের মতো বড় পাখিকেও তাড়া করে। সাধারণত পাখিটি ৭-১১ বছর বাঁচে।