রোহিঙ্গা সংকটে খুলেছে সৃজনশীল কূটনীতির পথ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৫ এএম

সংবাদমাধ্যমে ২৫ নভেম্বর প্রকাশ আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরপরই মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া । প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়া সরকারও স্বীকার করেছে, তাদের দেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের শরণার্থীরা নিজ দেশে জান্তা সরকারের ‘নৃশংসতার’ শিকার হয়েছে। আমি এই রায়টাকে দেখি দুই-তিনটা ভাগে ভাগ করে। একটা হলো মিয়ানমার যখন ২০১৭ সালে এই রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক ক্লিয়ারেন্স অপারেশন পরিচালনা করে, তখন কয়েকটা ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে তারা তা করে। এক হচ্ছে, তারা এই জনগোষ্ঠীর কোনো অধিকার মিয়ানমারে আছে বলে মনে করত না। তারা মনে করত, ওরা বাংলাদেশ থেকে গেছে, ওরা বাংলাদেশি এবং এখানে এসে আমাদের জন্য সমস্যা তৈরি করছে। কাজেই  তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল । রোহিঙ্গাদের মিয়ানমার কখনোই স্বীকার করছে না অন্তত ১৯৮২ সাল থেকে। এই নামে কোনো একটা জনগোষ্ঠী মিয়ানমারে আছে তা তারা মানতে নারাজ। এই রায়ের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত হলো, মিয়ানমারের এই জনগোষ্ঠী স্বীকৃত জনগোষ্ঠী এবং একটা প্রটেক্টেড জনগোষ্ঠী, যাদের সম্প্রদায়গত পরিচয় তারা রোহিঙ্গা। এই রায়ে পুনর্বার তাদের কথা বলা হয়েছে, অর্থাৎ রোহিঙ্গাদের কথা বলা হয়েছে। কাজেই মিয়ানমার এতদিন ধরে তাদের অস্তিত্ব অস্বীকার করে, মিয়ানমারের রাজনৈতিক দৃশ্যপট থেকে তাদের দূরে রাখার যে অপচেষ্টা করেছে তা ব্যর্থ হলো। আমার ধারণা, এই রায়ের ফলে মিয়ানমারের এই জনগোষ্ঠী, যারা রোহিঙ্গা জনগোষ্ঠী হিসেবে পরিচিত; তারা একটা মিয়ানমারের স্বীকৃত জনগোষ্ঠী হিসেবে প্রথম স্বীকৃতি লাভ করল এবং তা আন্তর্জাতিক আদালতের মধ্য দিয়ে। তারা রোহিঙ্গা হিসেবেই পরিচিতি লাভ করল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান বলে মনে করছি। কারণ যেকোনো জনগোষ্ঠীর যদি আত্মপরিচয়ই না থাকে তাহলে তো তার বিরুদ্ধে অত্যাচার-অনাচার স্বেচ্ছাচারীদের যা যা করার দরকার তা করলেও সেটা দৃশ্যমান হয় না। রোহিঙ্গাদের আমরা ইতিহাস নিরিখে যেটুকু জানি, ২০১০ সালের পর থেকেই কিন্তু মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অত্যাচার বেড়েছে। তাদের ওপর নির্যাতন ক্রমেই বেড়েছে। বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের ধর্মীয় ও সামাজিক আচার-আচরণ এবং জনগোষ্ঠী হিসেবে তাদের যেটুকু অধিকার সবই ছিনিয়ে নেওয়া হয়েছে। কাজেই এই স্বীকৃতি গোষ্ঠী হিসেবে পরিচয় এবং একই সঙ্গে তাদের সম্প্রদায়ের শিকড় যে মিয়ানমারে আছে এর স্বীকৃতি। এটি একটা গুরুত্বপূর্ণ উপাদান আত্মপরিচয়ের দিক থেকে অর্থাৎ রোহিঙ্গাদের জন্য এক নম্বর।

এই রায়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের আলোকে প্রয়োজনীয় আইন তৈরি করে তা কার্যকর করা এবং রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করে তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং সেই সঙ্গে তাদের নিরাপত্তা এবং মানবাধিকার নিশ্চিতকল্পে মিয়ানমারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। বৈশ্বিক এই সর্বোচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে মিয়ানমারকে পরিকল্পিতভাবে ‘জেনোসাইড’ (কেবল গণহত্যা নয়), সংগঠনের দায়ে অভিযুক্ত করা হয়েছে।

মিয়ানমার বলছে, আমরা সন্ত্রাসী যারা ছিল তাদের বিরুদ্ধে ক্লিয়ারেন্স অপারেশন করেছি, আমরা তো অন্যদের কিছু করিনি। মিয়ানমার এই গণহত্যাকে ছোট বা খাটো করে দেখার জন্য গত কয়েক দশক ধরেই শাসকগোষ্ঠী আমরা কোনো জনগোষ্ঠী নয়, সন্ত্রাসীদের দমন করেছি। অং সান সু চি মিয়ানমারের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং ১৯৯১ সালে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অহিংস সংগ্রামের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়। অথচ তিনিও আন্তর্জাতিক আদালতে দাঁড়িয়ে বলেছেন, না এ রকম আমরা তো কোনো জনগোষ্ঠীকে নিপীড়ন করিনি, আমরা কিছু সন্ত্রাসী লোকজনকে শায়েস্তা দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। অন্যরা ভয়ে হয়তো এদিক-ওদিক গেছে এবং সেটাও খুব বড় সংখ্যা নয়। কিন্তু আন্তর্জাতিক আদালতের বিচারকরা বলেছেন, মিয়ানমারে একটা বড় জনগোষ্ঠীর প্রায় ১০ হাজারের মতো মানুষ হত্যার শিকার হয় এবং লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে, তাদের জায়গাজমি হারিয়েছে, নিষ্পেষিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারা এর নিরিখে প্রমাণের ভিত্তিতে মিয়ানমারের সরকারের ওপর গণহত্যার দায় অর্পণ করেছে কিংবা বলা যায় হত্যার দায় নির্ধারণ করেছে। দুহাজার সতেরো সালে মিয়ানমার সরকারের বর্বরোচিত যাবতীয় কর্মকাণ্ডের বিষয়টা আন্তর্জাতিক স্বীকৃতির মধ্যে আসলো এবং তাদের অপরাধ যেটা করেছে সেটাও এখন সুস্পষ্ট হলো আন্তর্জাতিক আদালতের রায়ের মধ্য দিয়ে। আদালত গণহত্যার সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তাদের ওপর দায় নির্ধারণ করেছেন এবং যারা এই দায়ের মধ্যে পড়েছে তাদের বিচার এবং যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কথাও বলেছেন। এটা দ্বিতীয় জিনিস। নিপীড়িত-বিতাড়িত রোহিঙ্গারা আমাদের এখানে এসে আশ্রয় নিয়েছে এবং আছে অনেক দিন ধরে। আশ্রিতের সংখ্যা বেড়েছে তাদের বংশ বৃদ্ধির কারণে। ইউএনএইচসিআর তথ্য মতে, ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ১২ লাখ ২ হাজার ৩৪ জন। এর মধ্যে ২০১৭ সালের পর আসা রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ৭ হাজার ৪৮৮ জন এবং ১৯৯০-এর দশকে নিবন্ধিত ছিলেন ৩৯ হাজার ৮৫৬ জন। রোহিঙ্গারা বর্তমানে বিশে^র সবচেয়ে বড় ‘রাষ্ট্রহীন’ গোষ্ঠী হিসেবে পরিচিত। এর চেয়ে বড় বিষয় হচ্ছে, যতই এসব বিষয়কে এড়িয়ে চলার প্রবণতা দেখা যাচ্ছে, এগুলোর মাত্রাও কিন্তু তত বেশি বেড়ে যাচ্ছে।

আন্তর্জাতিক আদালতে বিচারের মধ্য দিয়ে যে রায় ঘষতো হয়েছে তাতে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা তাদের বাস্তুভিটায় ফেরত যাওয়ার অধিকার পেল। কিন্তু মিয়ানমার সরকারের সুর এখনো ভিন্ন এবং গর্হিত। আইনি পরিভাষায় রেস্টিটিউশনের রাইট বা প্রত্যর্পণ বা পুনরুদ্ধারের অধিকার বলতে মূলত কোনো ব্যক্তির হারানো সম্পত্তি, অর্থ বা অধিকার পূর্বাবস্থায় ফিরিয়ে পাওয়ার আইনি অধিকারকে বোঝায়। ২০১৭ সালের ক্লিয়ারেন্স অপারেশনের আগে তারা অর্থাৎ রোহিঙ্গারা যে অবস্থায় ছিল তাদের সেই জায়গায় সেই অবস্থায় নিয়ে যাওয়ার দায়িত্ব এখন মিয়ানমার সরকারের। তা ছাড়া মিয়ানমারের এই যে জনগোষ্ঠী অর্থাৎ বিতাড়িত বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে এত বছর ধরে আছে নিজ মাটি ছেড়ে।

তারা যে ক্ষতির সম্মুখীন হয়েছে এই ক্ষতিপূরণ মিয়ানমার সরকারকে দিতে হবে এবং ক্ষতিপূরণের পরিমাণ কত হবে, প্রক্রিয়া কী হবে এ ব্যাপারে আদালত বলেছেন, দুবছরের মধ্যে মিয়ানমার সরকার এই প্রক্রিয়া নির্ধারণ করে কোর্টকে জানাতে হবে। জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতিপ্রাপ্তি এবং তারা যে অপরাধের শিকার হয়ে দেশ ছেড়ে পালানো এবং পুনরায় ফেরত যাওয়ার অধিকার এবং যারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রাপ্তি সব কিছুর পথেই মসৃণ হলো, আন্তর্জাতিক আদালতের রায়ের প্রেক্ষাপটে। এটা রোহিঙ্গাদের জন্য বহুদিনের আরাধ্য বিষয় এবং এ নিয়ে বাংলাদেশের নতুন কূটনীতির সুযোগও এসেছে। এই রায়ে রোহিঙ্গাদের যে অধিকারটা সুনিশ্চিত হলো, এর বাস্তবায়নে আন্তর্জাতিকে সম্প্রদায়ের দায়িত্ব আছে। মালয়েশিয়া ও যুক্তরাজ্য এ ব্যাপারে পদক্ষেপ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায়ের পর যুক্তরাজ্য মিয়ানমারের শীর্ষ পাঁচজন সামরিক নেতার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২৩ নভেম্বর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড হাউস অব কমন্সে এই নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেন। যুক্তরাজ্য সরকারের বিবৃতি অনুযায়ী, সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচ শীর্ষ কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মায়ো হুতুত হ্লাইং। মেজর জেনারেল মায়ো মিন তুন। মেজর জেনারেল মায়াত থেত উ। মেজর জেনারেল কিয়াও সোয়ে ও মেজর জেনারেল কিয়াও সোয়ার উ।

বাংলাদেশ এ নিয়ে নতুন কূটনীতির পাশাপাশি দ্বিপাক্ষিক কথা বলতে পারে, রোহিঙ্গাদের সঙ্গেও আলাপ-আলোচনা করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়েরও সেই রকম ভূমিকা আমরা দেখতে চাই। এই রায় মান্য করা এবং তাতে অন্যদের ভূমিকা এড়িয়ে যাওয়ার নয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে সংগঠিত করার নতুন সুযোগ এসেছে। জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদে প্রস্তাব গ্রহণের ক্ষেত্রেও বাংলাদেশ এবং ওআইসি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এখন পক্ষভুক্ত অন্য যেসব দেশ আছে তারাও আমাদের সঙ্গে যোগ দিতে পারে এবং এর মাধ্যমে আমরা যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা প্রস্তাব পাস করতে পারি, সেটা তাহলে বাধ্যতামূলক মিয়ানমারের ওপর চাপ হিসেবে আসবে। চীন-ভারত, চীন-রাশিয়ার মধ্যে এ নিয়ে দ্বন্দ্ব; তারা সমর্থন করবে কি না প্রশ্নের বিষয়। আমরা যদি এখন এ নিয়ে সৃজনশীল কূটনীতি চালাতে পারি, তাহলে হয়তো নতুন বাস্তবতায় অথবা রায়-উত্তর বাস্তবতায় চীন এবং রাশিয়াকেও এ ব্যাপারে আমাদের পাশে পাওয়া সম্ভব মনে করি। অবশ্য এটা নির্ভর করবে সবাই মিলে আমরা কত কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে পারি তার ওপর। নতুন পথের সন্ধান দিয়েছে আন্তর্জাতিক আদালত এখন বাকিটুকু সৃজনের দায়িত্ব মানবিক বিশে^র ।

লেখক : যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড,

ফিজি ও নেপালে দায়িত্বপালনকারী

বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত

সর্বশেষ সর্বাধিক পঠিত