লোকদেখানো ধার্মিকতা ও ব্যক্তিজীবনের অসংগতি

ধার্মিকতার প্রকৃত পরিচয় মানুষের আচরণ, চরিত্র ও জীবনযাপনে প্রকাশ পায়। নিয়মিত নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, ধর্মীয় আলোচনা কিংবা ইসলামি পোশাক একজন মানুষের বাহ্যিক ধর্মীয় পরিচয় তুলে ধরে। কিন্তু এসবের পাশাপাশি তার কথাবার্তা, লেনদেন, পারিবারিক আচরণ ও মানুষের সঙ্গে সম্পর্কেও ইসলামের শিক্ষা প্রতিফলিত হওয়া জরুরি। অথচ সমাজে এমন প্রবণতা দেখা যায়, অনেকে মানুষের সামনে ধার্মিকতার পরিচয় তুলে ধরলেও ব্যক্তিজীবনে ইসলামের মৌলিক নির্দেশনা মেনে চলেন না। বাহ্যিক ধার্মিকতার সঙ্গে ব্যক্তিগত জীবনের এই অসংগতি আত্মসমালোচনার দাবি রাখে।

ইসলামে ইবাদতের অন্যতম উদ্দেশ্য হলো মানুষের আত্মশুদ্ধি ও চরিত্র গঠন। নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখার শিক্ষা দেয়। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।’ (সুরা আনকাবুত ৪৫) নামাজের প্রভাব মানুষের ব্যক্তিগত ও সামাজিক আচরণে প্রকাশ পাওয়া উচিত। নিয়মিত নামাজ আদায় করেও কেউ যদি অন্যের অধিকার নষ্ট করেন, মিথ্যা বলেন, প্রতারণা করেন কিংবা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন, তাহলে তার ইবাদতের শিক্ষা বাস্তব জীবনে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে কি না, তা ভেবে দেখা প্রয়োজন।

লোক দেখানো ধার্মিকতার একটি বড় দিক হলো মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে ইবাদত ও ভালো কাজ করা। কেউ দান করেন মানুষের বাহবা পাওয়ার জন্য, কেউ ধর্মীয় আলোচনা করেন নিজের জনপ্রিয়তা বাড়াতে, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ইবাদতের ছবি ও ভিডিও প্রকাশ করেন মানুষের কাছে ধার্মিক হিসেবে পরিচিত হওয়ার আশায়। অথচ ইবাদতের মূল ভিত্তি হলো আল্লাহর সন্তুষ্টি। লোক দেখানো আমলকে ইসলামে রিয়া বলা হয়। এটি আমলের সওয়াব নষ্ট করে।

মহান আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলেন, ‘তারা যখন নামাজে দাঁড়ায়, তখন অলসভাবে দাঁড়ায়। তারা মানুষকে দেখায় এবং আল্লাহকে অল্পই স্মরণ করে।’ (সুরা নিসা ১৪২)

এ আয়াত থেকে বোঝা যায়, মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে ইবাদত করা অত্যন্ত নিন্দনীয়। তাই কোনো ভালো কাজ করার আগে নিজের নিয়ত যাচাই করা জরুরি। মানুষ দেখছে কি না, প্রশংসা করছে কি না, এসব চিন্তার পরিবর্তে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে।

ব্যক্তিজীবনের অসংগতি আরও স্পষ্ট হয় মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে। কেউ মসজিদে নিয়মিত উপস্থিত থাকেন, কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। কেউ ধর্মীয় আলোচনায় অন্যায় থেকে বেঁচে থাকার কথা বলেন, অথচ ব্যবসায় ও কর্মক্ষেত্রে প্রতারণা করেন। কেউ পর্দার গুরুত্ব নিয়ে কথা বলেন, কিন্তু অন্যের সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করেন না। আবার কেউ ধর্মীয় পরিচয় ব্যবহার করে মানুষের কাছ থেকে বিশেষ সুবিধা আদায়ের চেষ্টা করেন। এসব আচরণ ইসলামের প্রকৃত শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ধোঁকা দেয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’ (সহিহ মুসলিম) এ হাদিসে প্রতারণার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ একজন মানুষের ধার্মিকতার দাবি তার লেনদেন ও সামাজিক আচরণেও সত্য

হতে হবে। মানুষের সঙ্গে সততা, আমানতদারি, ন্যায়বিচার ও উত্তম ব্যবহার বজায় রাখা ইমানি চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ।

তবে মানুষের প্রকাশ্য ইবাদতকে দেখেই তার নিয়ত সম্পর্কে সিদ্ধান্ত দেওয়া উচিত নয়। কে কতটা আন্তরিক, তা একমাত্র আল্লাহই ভালো জানেন। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ইবাদতের ছবি প্রকাশ করলেই তাকে লোক দেখানো ইবাদতকারী বলা যাবে না। কারণ ভালো কাজের কথা অন্যকে উৎসাহিত করার উদ্দেশ্যেও প্রকাশ করা হতে পারে। তাই অন্যের নিয়ত নিয়ে মন্তব্য না করে নিজের আমল ও চরিত্রের দিকে নজর দেওয়া জরুরি।

লোকদেখানো ধার্মিকতা থেকে বাঁচতে হলে প্রথমেই নিয়ত বিশুদ্ধ করতে হবে। গোপনে নেক আমল করার অভ্যাস গড়ে তুলতে হবে। নামাজ, রোজা ও অন্যান্য ইবাদতের পাশাপাশি মানুষের অধিকার রক্ষা, সত্য কথা বলা, প্রতিশ্রুতি পালন এবং পরিবারের সঙ্গে সুন্দর আচরণ নিশ্চিত করতে হবে।

লেখক : ইসলামি গবেষক