‘মদিনার জমজম’ কূপের ইতিহাস

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৫ এএম

পবিত্র মক্কার জমজম কূপের কথা সবার জানা। মদিনাতেও একসময় ‘মদিনার জমজম’ নামে একটি কূপ পরিচিতি পেয়েছিল। মদিনার পশ্চিম প্রান্তের হাররা অঞ্চলে অবস্থিত সেই কূপের সঙ্গে জড়িয়ে আছে রাসুলুল্লাহ (সা.)-এর যুগের ইতিহাস এবং তার প্রপৌত্রী ফাতিমা বিনতে হুসাইন (রহ.)-এর একটি চমকপ্রদ ঘটনা।

উমাইয়া খলিফা আল-ওয়ালিদ ইবনে আবদুল মালিকের শাসনামলে মসজিদে নববীর সম্প্রসারণ করা হয়। এ সময় ফাতিমা বিনতে হুসাইনের পারিবারিক বাড়ি মসজিদের সম্প্রসারিত অংশের অন্তর্ভুক্ত হয়। পরে তিনি মদিনার পশ্চিম প্রান্তের হাররা অঞ্চলে নতুন বাড়ি ও খেজুরবাগান গড়ে তোলেন।

ঐতিহাসিক জামালুদ্দীন আল-মাতারি তার ‘আত-তারিফ বীমা আনাসাতিল হিজরাহ’ গ্রন্থে বর্ণনা করেছেন, ফাতিমার বাগানে কূপ খননের সময় শ্রমিকরা মাটির নিচে শক্ত পাথরের বাধা পান। অনেক চেষ্টা করেও সেটি সরাতে না পেরে তারা ফাতিমাকে বিষয়টি জানান। এরপর তিনি অজু করে দুই রাকাত নামাজ আদায় করেন, আল্লাহর কাছে দোয়া করেন এবং অজুর অবশিষ্ট পানি খননের স্থানে ছিটিয়ে দেন। পরে খনন শুরু করলে পানির সন্ধান পাওয়া যায়।

কূপটির পানি বরকতময় মনে করে মানুষ তা সংগ্রহ করত এবং দূর-দূরান্তে নিয়ে যেত। মক্কার জমজম কূপের মতো এখান থেকেও বিভিন্ন স্থানে পানি পাঠানোর প্রচলন ছিল। এ কারণে কূপটি ‘মদিনার জমজম’ নামে পরিচিতি লাভ করে।

তবে কূপটির পরিচয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইমাম নুরুদ্দীন আস-সামহুদি তার ‘ওয়াফাউল ওয়াফা’ গ্রন্থে উল্লেখ করেছেন, হাররা অঞ্চলের জমজম নামে পরিচিত প্রাচীন কূপটির নাম ছিল ‘বিরে ইহাব’। ইবনে যাবালার বর্ণনা অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.) এই কূপের কাছে গিয়েছিলেন এবং তাতে তার পবিত্র থুথু মোবারক নিক্ষেপ করেছিলেন। সামহুদির ধারণা, ফাতিমা বিনতে হুসাইন যে কূপ খনন করেছিলেন, সেটি ছিল একই বাগানের উত্তর পাশে অবস্থিত আরেকটি কূপ।

অর্থাৎ একই বাগানে দুটি কূপ থাকার সম্ভাবনার কথা ঐতিহাসিক সূত্রে পাওয়া যায়। তবে কূপ দুটির সুনির্দিষ্ট পরিচয় ও অবস্থান নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। সময়ের ব্যবধানে কূপগুলোর পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

লেখক : ধর্মীয় নিবন্ধকার

সর্বশেষ সর্বাধিক পঠিত