কৃষিপণ্যের রপ্তানি

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ। এমনটি জানিয়েছে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে কৃষিপণ্যের আধুনিক প্যাকেজিং, মান নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মানদ- নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে হলে পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সরাসরি যোগাযোগ, সমন্বয় ও যৌথ কার্যক্রম গ্রহণ করা গেলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রীয় প্যাকিং হাউজের কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কৃষির উৎপাদনশীলতা বাড়াতে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মাটির গুণাগুণ ও পুষ্টিমান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ফসল উৎপাদনের পরিকল্পনা করতে হবে। মাটিতে ফসফরাস, জিংক, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামসহ প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি চিহ্নিত করে সে অনুযায়ী সার ও অন্যান্য উপকরণ ব্যবহার করা গেলে উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।

এ জন্য দেশের বিভিন্ন অঞ্চলের মাটির বৈশিষ্ট্য ও পুষ্টিমান নিয়ে সয়েল ম্যাপিং বা মাটির মানচিত্র তৈরির নির্দেশনা দেন তিনি। পাশাপাশি অঞ্চল ও মৌসুমভেদে কোন ধরনের ফসল উৎপাদনে কোন এলাকার মাটি বেশি উপযোগী, তা নির্ধারণ করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথাও বলেন মন্ত্রী।

কৃষিপণ্য রপ্তানিতে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা অর্জনকে অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্যের একটি নির্ভরযোগ্য অবস্থান তৈরি করতে হবে। এ লক্ষ্যে দেশের নিজস্ব সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এতে নতুন বাজারে প্রবেশ এবং বিদ্যমান বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

আন্তর্জাতিক মান বজায় রেখে কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানির জন্য কেন্দ্রীয় প্যাকিং হাউজের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং প্যাকেজিং ব্যবস্থার আধুনিকায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

সভায় উপস্থাপিত কেন্দ্রীয় প্যাকিং হাউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির মাধ্যমে মোট ৫ হাজার ২৫৭ দশমিক ৪১ মেট্রিক টন কৃষিপণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে তাজা ফলের পরিমাণ ৩ হাজার ১০৫ দশমিক ৯৯ মেট্রিক টন, তাজা শাকসবজি ১ হাজার ৯২৫ দশমিক ৮৩ মেট্রিক টন এবং মসলা ও অন্যান্য কৃষিপণ্য ২২৫ দশমিক ৫৯ মেট্রিক টন। আগের ২০২৪-২৫ অর্থবছরে এ পরিমাণ ছিল ৪ হাজার ১৫৫ দশমিক ৪৯ মেট্রিক টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে প্রায় ২৬ দশমিক ৫ শতাংশ।

রপ্তানিকৃত ফলের তালিকায় শীর্ষে রয়েছে আম, কাঁঠাল ও লেবুজাতীয় ফল। ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ৯৫ দশমিক ৯৯ মেট্রিক টন আম, ৭১৯ দশমিক ২২ মেট্রিক টন কাঁঠাল এবং ৬৫২ দশমিক ৭৮ মেট্রিক টন লেবুজাতীয় ফল রপ্তানি হয়েছে। এ ছাড়া শিম, লাউ, কচুজাতীয় সবজি, পটোল, চিচিঙ্গা ও পেঁপেসহ বিভিন্ন কৃষিপণ্য বিদেশে পাঠানো হচ্ছে।

বাংলাদেশের কৃষিপণ্যের উল্লেখযোগ্য রপ্তানি বাজারের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, মাল্টা, সুইডেন, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম ও গ্রিস।

আন্তর্জাতিক মানদ- পূরণেও কেন্দ্রীয় প্যাকিং হাউজের কার্যক্রমে অগ্রগতি এসেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এটি স্থাপনের আগে বাংলাদেশের কৃষিপণ্যের মানদ- প্রতিপালনে অসংগতির কারণে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রতি বছর প্রায় ১২০ থেকে ১৭০টি নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন আসত। কেন্দ্রীয় প্যাকিং হাউজ চালুর পর এ সংখ্যা কমে বছরে গড়ে ১৫ থেকে ২০টিতে দাঁড়িয়েছে। কৃষিপণ্যের মানোন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা বাড়ানোর ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বিশেষ করে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, কঠোর মান নিয়ন্ত্রণ, উদ্ভিদ স্বাস্থ্য সুরক্ষা বা ফাইটোস্যানিটারি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক রপ্তানি মানদ- অনুসরণের ফলে আম রপ্তানিতে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। ১ হাজার ৪৫৭টি চালানের মাধ্যমে প্রায় ১ হাজার ৯৫ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হয়েছে। এসব চালানের কোনোটির বিপরীতেই নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন পাওয়া যায়নি।

রপ্তানি কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়াতে ২০১৭-১৮ অর্থবছর থেকে কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে শতভাগ কম্পিউটারাইজড ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। পাশাপাশি রপ্তানিযোগ্য উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্যের পরীক্ষা-নিরীক্ষা, ক্ষতিকর বালাই শনাক্তকরণ, কীটনাশকের অবশিষ্টাংশ নির্ণয় এবং নিজস্ব তালা ও সিলগালা ব্যবহারের মাধ্যমে বিমানবন্দর পর্যন্ত পণ্যের নিরাপদ পরিবহন নিশ্চিত করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের অতিরিক্ত পরিচালক ড. আমিরুল বাহরাইন, কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্পের প্রকল্প পরিচালক শোয়েব আহমেদ, কেন্দ্রীয় প্যাকিং হাউজের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সজীব মুখার্জী, অতিরিক্ত উপপরিচালক আবু আহমেদ তারিফ এবং সংগনিরোধ কীটতত্ত্ববিদ সমর বাড়ৈসহ কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।