প্রস্তুতির অভাব নাকি পরিকল্পনার ঘাটতি

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ দলের ব্যর্থতার গল্প নতুন নয়। সব সময়ই বিরুদ্ধ কন্ডিশনে গতি, বাউন্স আর প্রতিপক্ষের শক্তিশালী পেস আক্রমণ চ্যালেঞ্জে ফেলে। কিন্তু এসবের বিপক্ষে সংগ্রাম করলেও ৯১ রানে অলআউট এবং ইনিংস ও ২১৯ রানের হারকে ঠিক কীভাবে ব্যাখ্যা করা যায়? অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রস্তুতির ঘাটতি, টানা ক্রিকেট খেলার চাপ এবং পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজনীয়তাকে কাঠগড়ায় তুলেছেন। কিন্তু বাস্তবতার সঙ্গে এমন দাবির মিল খুঁজে পাচ্ছেন না সাবেক ক্রিকেটার ও বিসিবির কোচ রাজিন সালেহ। তার চোখে ধরা পড়েছে দীর্ঘদিনের ভুল পরিকল্পনা, বিকল্প খেলোয়াড় তৈরিতে ব্যর্থতা এবং দল পরিচালনায় দূরদর্শিতার ঘাটতি।

দুই টেস্টের সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সের ব্যবধানটা পরিসংখ্যানেই পরিষ্কার। প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হারের পর সেঞ্চুরিয়নে দ্বিতীয় ম্যাচে সফরকারীদের প্রথম ইনিংস থামে মাত্র ৯১ রানে। পরে তাসকিন আহমেদ, শরীফুল ইসলামকে শাসন করে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করেন প্রোটিয়ারা। ৪০৩ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানে অলআউট হওয়ায় ইনিংস ও ২১৯ রানে হারে। এমন পরাজয়ের পর শান্তর দাবি, ‘একটা ব্যাপার আপনাদেরও একটু খেয়াল রাখতে হবে যে, টানা অনেকগুলো সিরিজ আমরা খেলছি, ওয়ানডে বলুন বা টেস্ট ক্রিকেট। আমার মনে হয় যে, সামনে যদি আমরা আসলেই ধারাবাহিক হতে চাই, সে ক্ষেত্রে আমাদের একটু প্রস্তুতির সুযোগ নিতে হবে।’

এটা সত্য যে গত সেপ্টেম্বরের এশিয়ান গেমস থেকে টানা খেলার মধ্যে আছে বাংলাদেশ দল। জাপান থেকে সরাসরি সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদলীয় ওয়ানডে সিরিজ খেলতে যান লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের এই সফর শেষ হওয়ার আগেই দুটি টেস্ট খেলতে ঢাকায় আসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ক্যারিবীয়দের আতিথ্য দেওয়ার পরপরই দক্ষিণ আফ্রিকায় উড়ে যান ক্রিকেটাররা। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। জাপানে এশিয়ান গেমসের দলে যেমন ছিলেন না খোদ শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদরা। তেমনি ত্রিদেশীয় সিরিজের দলে ছিলেন না মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিমরা। অর্থাৎ তিন সংস্করণে খেলা নির্দিষ্ট কয়েকজন ক্রিকেটার ছাড়া অন্য খেলোয়াড়রা ঠিকই বিশ্রাম পেয়েছেন।

এজন্য শান্তর এমন অজুহাত মানতে চাইলেন না রাজিন, ‘আমার কাছে ক্লান্তির ছাপটা মনে হয়নি। সার্বিকভাবে এমন হতে পারে, অনেক খেলোয়াড় অনেক দিন ধরে খেলছে। কিন্তু আমার কাছে মনে হয় না এটা ক্লান্তির ছাপ। আমার কাছে মনে হয়েছে, আমরা দল হিসেবে খেলতে পারিনি। ব্যক্তিগতভাবে ভালো করার চেষ্টা করেছি, কিন্তু দল হিসেবে আমাদের যে খেলাটা খেলা দরকার ছিল, সেটা খেলতে পারিনি।’ প্রস্তুতির ঘাটতির জন্য টিম ম্যানেজমেন্টের দায় দেখেন রাজিন, ‘দক্ষিণ আফ্রিকায় খেলতে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা স্পিন-সহায়ক উইকেট তৈরি করলাম, নিজেদের ফাঁদে নিজেরাই পড়লাম। আমরা কেন পেস-সহায়ক উইকেট তৈরি করলাম না! তাহলে আমাদের এখানেও ভালো ক্রিকেট হতো। ব্যাটসম্যানরা আরও আত্মবিশ্বাস নিয়ে খেলতে যেতে পারত। অথচ দক্ষিণ আফ্রিকায় তারা কোনো প্রস্তুতি ম্যাচও খেলতে পারেনি, পর্যাপ্ত সময়ও পায়নি। তাহলে আমাদের পরিকল্পনায় ঘাটতি ছিল না? অবশ্যই ছিল। আর এই ভুল পরিকল্পনাই শেষ পর্যন্ত আমাদের জন্য উল্টো ফল বয়ে এনেছে।’

দল ভালো করলে ক্রিকেটারদের ছোটখাটো ভুলত্রুটি আড়ালে পড়ে যায়। তেমনি উল্টোটাও ঘটে। ২-০ ব্যবধানে সিরিজ হারায় সমালোচনার শূলে চড়তে হচ্ছে মুমিনুলকে। চার ইনিংসে তার সংগ্রহ মাত্র ১৯ রান। দুই ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ টেস্টের ১৮ ইনিংসে ১৪.২২ গড়ে ২৫৬ রান তার। প্রোটিয়াদের মাটিতে ৬ টেস্টের ১২ ইনিংসে ১০.৩৩ গড়ে করেছেন ১২৪ রান। টেস্টে এক থেকে চার নম্বর পজিশনে ১৫০ ইনিংসে তার ডাকের সংখ্যা ২০, যা ইংল্যান্ডের মাইক অ্যাথারটনের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। অথচ অ্যাথারটন এই সংখ্যায় পৌঁছেছিলেন ২১০ ইনিংসে।

এমন পারফরম্যান্সের পর মুমিনুলকে নিয়ে আলোচনা স্বাভাবিক। টেস্টে তার নিবেদন মূল্যায়ন করলেও কিছুদিন বিশ্রাম দেওয়ার পক্ষে রাজিন, ‘যা-ই বলেন না কেন, সে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে আসছে। হয়তো দুই-একটি সিরিজ তার একটু খারাপ গেছে। অবশ্যই সে যদি সেভাবে আত্মবিশ্বাসী না থাকে, তাহলে তাকে এক-দুটি ম্যাচ বিশ্রাম দেওয়া যেতে পারে। আমার মনে হয়, সে আবারও ভালোভাবে ফিরে আসতে পারবে।’ কিন্তু বিকল্প কে? সে প্রশ্নটা নিজেই তুললেন রাজিন, ‘আমাদের এখন আসলে কোনো বিকল্প খেলোয়াড় নেই। আমি গত তিন-চার বছর ধরে বারবার একটা কথাই বলে আসছি। বাংলাদেশ যখন আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে টেস্ট খেলে, তখন কেন সিনিয়র খেলোয়াড়দেরই খেলতে হবে? কেন সব সিরিজে সিনিয়রদের খেলাতে হবে? সেখানে যারা বিকল্প হিসেবে আছে, তাদের সুযোগ দেওয়া উচিত ছিল। আমরা যদি ভবিষ্যতের বাংলাদেশ ক্রিকেটের কথা চিন্তা করি, তাহলে দেখতে হবে, আমাদের সিনিয়র খেলোয়াড়রা আর কত দিন খেলবেন। তাহলে আমরা তরুণদের সুযোগ করে দিচ্ছি না কেন। তারা খেললে বুঝতে পারত, আন্তর্জাতিক ক্রিকেটে তাদের অবস্থান কোথায়, কোন জায়গায় উন্নতি করা জরুরি। সেই অনুযায়ী নিজেদের তৈরি করতে পারত। একজন তরুণ খেলোয়াড়কে খেলতে না দিয়েই যদি বলা হয়, সে পারফরম্যান্স করতে পারছে না, তাহলে সেটা একেবারেই অযৌক্তিক কথা। আমার মনে হয়, এই জায়গায় আমাদের পরিকল্পনায় ভুল ছিল।’

সিরিজ হারের পর একই রকম অভিযোগ এনেছেন শান্তও, ‘আমরা যদি আমাদের (ক্রিকেটার) পুলটা একটু বড় করতে পারি, গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে যদি ওদের ব্রেক দিয়ে তরতাজাভাবে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয়, পারফরম্যান্সটা আরও ভালোভাবে আমরা বের করে নিয়ে আসতে পারব।’