ফুটবল লিগের বড় দিন আজ

বাংলাদেশ ফুটবল লিগের ষষ্ঠ রাউন্ডে আজ শুক্রবার জমজমাট লড়াইয়ের অপেক্ষা। দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ও ফর্টিজ এফসি। পাশাপাশি ভিন্ন ভেন্যুতে জয় তুলে নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে ঢাকার দুই ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে কিংস ও ফর্টিজের লড়াই। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। দিনের বাকি ম্যাচগুলোও দেখা যাবে টি-স্পোর্টসের ইউটিউব লাইভে।

মৌসুমের শুরুতে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ১-১ গোলে ড্র করে কিছুটা ধাক্কা খেয়েছিল বসুন্ধরা কিংস। তবে এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ঢাকা ওয়ান্ডারার্সকে ৭-০, সিটি ক্লাবকে ৩-০ গোলে হারানোর পর সর্বশেষ চট্টগ্রাম সিটি এফসির বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে কিংস। নিজেদের মাঠে আক্রমণভাগের ধারাবাহিকতা ধরে রেখে ফর্টিসের বিপক্ষেও পূর্ণ পয়েন্ট পেতে চাইবে তারা। অন্যদিকে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে ফর্টিজ। চট্টগ্রাম সিটি এফসিকে ৬-০ গোলে হারিয়ে লিগ শুরু করা দলটি দ্বিতীয় ম্যাচে সিটি ক্লাবের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে। এরপর ব্রাদার্স ইউনিয়নকে ৬-০ গোলে উড়িয়ে দেয় তারা। সর্বশেষ মঙ্গলবার ফেডারেশন কাপে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে ফর্টিজ। তবে কিংসের মাঠে জয় পাওয়া সহজ হবে না ফর্টিজের জন্য। লিগে মুখোমুখি লড়াইয়ে এখনো বসুন্ধরা কিংসকে হারাতে পারেনি তারা। যদিও ২০২৪ সালে ফেডারেশন কাপের ম্যাচে কিংস অ্যারেনায় স্বাগতিকদের ২-০ গোলে হারানোর স্মৃতি রয়েছে ফর্টিজের। এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চাইবে দলটি।

এদিকে দিনের অন্য ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসির মুখোমুখি হবে ঢাকা আবাহনী। বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি। নিজেদের সর্বশেষ লিগ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে ১-২ গোলে হেরেছে আকাশি-নীলরা। ফলে হার ভুলে জয়ে ফেরাই হবে মারুফুল হকের দলের প্রধান লক্ষ্য। তবে আবাহনীর সামনে কঠিন চ্যালেঞ্জ। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। নিজেদের মাঠে সেই অবস্থান আরও শক্তিশালী করতে চাইবে স্বাগতিকরা।

একই সময়ে চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে খেলবে আরামবাগ ক্রীড়া সংঘ। আর মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাদা-কালোদের সামনে লক্ষ্য একটাই জয়ের ধারাবাহিকতা ধরে রাখা। চলতি লিগে এখন পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ড রয়েছে শুধু মোহামেডানের। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলটি রহমতগঞ্জকে হারিয়ে শীর্ষে থাকা পুলিশের সঙ্গে ব্যবধান কমাতে চাইবে। আজকের ম্যাচগুলোতে শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টের হিসাব-নিকাশ যেমন থাকবে, তেমনি বসুন্ধরা কিংস ও ফর্টিজের লড়াইয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে বাড়তি উত্তেজনা।