কাঁটাতারের বেষ্টনী আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির মধ্যেও ক্রমেই অশান্ত হয়ে উঠছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো। আধিপত্য বিস্তার, মাদক কারবার, অস্ত্রের ঝনঝনানি এবং অপহরণ-জিম্মিদশা এখন এখানকার নিত্যনৈমিত্তিক ঘটনা। ক্যাম্পের তীব্র ঘনবসতি ও দুর্গম পাহাড়ি ভূ-প্রকৃতির সুযোগ নিয়ে অপরাধীরা সহজেই গা ঢাকা দেওয়ায় তাদের শনাক্ত ও দমনে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে।
অপরাধের ভয়াবহ পরিসংখ্যান : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, গত ৯ বছরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ৩০০টি হত্যাকা-সহ সাড়ে ৪ হাজারের বেশি মামলা হয়েছে, যাতে ১০ হাজারের বেশি রোহিঙ্গাকে আসামি করা হয়েছে। পরিসংখ্যান বলছে, ৩০০টি হত্যাকা-ের ঘটনায় দায়েরকৃত ২৭৭টি মামলায় প্রায় ২ হাজার, সাড়ে ৩ হাজার মাদক মামলায় ৫ হাজার ৯৩৫ এবং অস্ত্র ও দস্যুতার ১৬৫টি মামলায় ৩১২ জন আসামি রয়েছে। এর বাইরে অপহরণের ৩০৬টি মামলায় ৩৫৩, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ৩৫২টি মামলায় ৫২১ এবং মানবপাচারের ৪ শতাধিক মামলায় ৮৭৯ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনেও আরও শতাধিক মামলা নথিভুক্ত রয়েছে।
জিম্মি উদ্ধার ও সেনাসদস্য নিহত : ক্যাম্পসংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকাগুলো এখন অপহরণকারী চক্রের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। গত ৫ নভেম্বর টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার পাহাড়ে অপহৃত ৫৭ জন জিম্মিকে উদ্ধার করতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় নির্মমভাবে নিহত হন সেনাসদস্য তিতাস। এ ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। তবে দায়িত্ব পালনরত একজন সেনাসদস্যের এমন মর্মান্তিক মৃত্যু স্থানীয় জনমনে গভীর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
আতঙ্কের আরেক নাম ‘ক্যাম্প’ : সশস্ত্র গোষ্ঠীর দৌরাত্ম্যে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের স্থানীয় বাসিন্দারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কুতুপালং ৫ নম্বর ক্যাম্পের নিহত এক পাহারাদারের স্ত্রী আয়েশা বেগম (৩৪) জানান, রাতের আঁধারে মুখোশধারীরা তার নিরপরাধ স্বামীকে ঘর থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করে। ৪ সন্তান নিয়ে তিনি এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
বালুখালী ক্যাম্পের মাঝি মোহাম্মদ জুবায়ের (৪২) বলেন, ‘সাধারণ রোহিঙ্গারা অপরাধীদের কাছে জিম্মি। পুলিশকে তথ্য দিলে আরসার মতো সশস্ত্র গ্রুপগুলো নির্মম নির্যাতন ও হত্যার হুমকি দেয়। অভিযানের সময় তারা পাহাড়ে পালায়, পরে আবার ফিরে আসে।’
আতঙ্কে আছেন স্থানীয়রাও। টেকনাফের লেদা এলাকার বাসিন্দা নুরুল ইসলাম (৫২) আক্ষেপ করে বলেন, অপহরণের ভয়ে রাত ৮টার পর সড়কে একা চলাফেরা করা যায় না। নিজ এলাকাতেই তারা এখন পরবাসী।
সম্প্রতি অপহরণের শিকার হয়ে ফেরা একই এলাকার আবদুল করিম (৩৮) জানান, কাজ শেষে ফেরার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে পাহাড়ে তুলে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করে। পরে ভিটেমাটি ও গবাদিপশু বিক্রি করে ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে তিনি প্রাণে বাঁচেন। সেই ভয়াবহ স্মৃতি এখনো তাকে তাড়া করে বেড়ায়।
প্রত্যাবাসন বিলম্ব ও নতুন অনুপ্রবেশ : রাখাইনে গণহত্যা থেকে বাঁচতে ৯ বছর আগে বাংলাদেশে আশ্রয় নিলেও দুইবার দিনক্ষণ ঠিক হয়েও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হয়নি। বরং গত দেড় বছরে আরও প্রায় ২ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। রাখাইনের রাজনৈতিক পরিবর্তন ও বৈশ্বিক মনোযোগ হ্রাসে সংকট ঘনীভূত হওয়ায় হতাশা ও বেকারত্ব থেকে হাজারো রোহিঙ্গা অপরাধে জড়াচ্ছে।
টেকনাফের হ্নীলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী জানান, ক্যাম্পে এক ডজনের বেশি সশস্ত্র চক্র সক্রিয় থাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযানের বিকল্প নেই।
টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ক্যাম্প ও পাহাড়ি এলাকায় অপরাধ দমনে পুলিশ সতর্ক রয়েছে। সেনাসদস্য তিতাস হত্যা ও অপহরণে ৬ জনকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত আছে। দুর্গম পাহাড়ের কারণে অপরাধী শনাক্তে বেগ পেতে হলেও নিরাপত্তায় টহল জোরদার করা হয়েছে।’
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, দীর্ঘদিন প্রত্যাবাসন ঝুলে থাকায় হতাশাগ্রস্ত রোহিঙ্গাদের মাদক ও অস্ত্র চোরাচালানে ব্যবহার করছে দেশি-বিদেশি চক্র। এ কারণে ক্যাম্পে কাঁটাতারের বেষ্টনী ও সিসিটিভি নজরদারি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে ৮ এপিবিএন-এর অধিনায়ক মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) জানান ‘ক্যাম্পের ঘনবসতি ও পাহাড়ি গঠনের কারণে অপরাধীরা এক ব্লক থেকে অন্য ব্লকে বা পাহাড়ে পালিয়ে যায়। তবে আমরা গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযান জোরদার করেছি। শিগগিরই অপরাধ নির্মূল করা হবে।’
এ বিষয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমিন বলেন ‘উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে প্রায় ১৫ লাখ মানুষের মধ্য থেকে অপরাধীদের চিহ্নিত করা কঠিন। তবুও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বর্তমান পরিস্থিতি আগের চেয়ে অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে।