দেশ রূপান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ৭০ বছর বয়সী বিধবা আলতামুন্নেছা বেগমের নির্যাতন ও হয়রানির খবর নজরে আসার পর স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ২৫ নভেম্বর হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান বিষয়টি আমলে নিয়ে সাত দিনের মধ্যে তদন্তের নির্দেশ দেন। আদালতের এ উদ্যোগে নতুন করে ন্যায়বিচারের আশায় বুক বেঁধেছেন স্বামীর রেখে যাওয়া মাত্র তিন শতক ভিটাজমির মালিক অসহায় এই বৃদ্ধা।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের খাইরুল মিয়ার বাড়ির পাশে বসবাস করেন আলতামুন্নেছা বেগম। তার অভিযোগ, স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল ৩ শতক ভিটাজমি জোরপূর্বক কিনে নেওয়ার চেষ্টা করছেন তার ভাতিজা খোরশেদ মিয়া, দেবর বাচ্চু মিয়া ও খাইরুল মিয়াসহ কয়েকজন। জমি নিয়ে বিরোধের জেরে ৫ বছর ধরে তিনি নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। একপর্যায়ে মারধরে আহত ও রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাকে। প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত মাজারে মাজারে ঘুরে বিচার চাইছিলেন এই বৃদ্ধা। এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও), থানা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় প্রশাসনের উদ্যোগের পরও সমস্যার সমাধান হয়নি বলে দাবি তার।
সম্প্রতি বৃদ্ধার এই দুর্ভোগ ও নির্যাতনের অভিযোগ নিয়ে দৈনিক দেশ রূপান্তরে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ আদালতের নজরে এলে বিষয়টি আমলে নেন বিচারক আব্দুল মান্নান। গত বুধবার তিনি সাত দিনের মধ্যে মাধবপুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘আমরা আগেও মহিলাটির পাশে দাঁড়িয়েছিলাম। এখন আদালতের নির্দেশে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’