কোয়ান্টামের রক্তদাতা সম্মাননা

রক্তদাতারা জাতীয় বীর : জবি ভিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেছেন, ‘স্বেচ্ছায় রক্তদাতারা জাতীয় বীর। কোনো রকম চাওয়া-পাওয়া ছাড়াই স্বেচ্ছায় রক্তদান করেন দাতারা। তারা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত।’ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে কোয়ান্টাম আয়োজিত ‘স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নিজের জীবনেও ১০ ব্যাগ রক্ত গ্রহণের আবেগময় স্মৃতিচারণ করে উপাচার্য  বলেন, ‘শুধু সম্মাননা দিয়ে রক্তদাতাদের সম্মানিত করা যায় না। তাদের সম্মাননা মানুষের অন্তরে জাগ্রত থাকে। স্বেচ্ছা রক্তদাতাদের কাছ থেকে বরং মানবতার জয়গান শেখা যায়।’ স্বেচ্ছা রক্তদাতাদের অনুপ্রাণিত করতে প্রধান অতিথি এ সময় রক্তদাতাদের হাতে সম্মাননা সনদ, মেডেল ও ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে আলোচকরা জানান, কোয়ান্টাম ল্যাবে মোট নারী রক্তদাতার সংখ্যা ৫৫০৬০ জন। এর মধ্যে লাইফ লং ডোনার ৬০৪৯ জন, সিলভার ডোনার ১০৭২ জন, গোল্ডেন ডোনার ১৮২ জন এবং প্লাটিলেট ডোনারের সংখ্যা ৫ জন।

অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদানের অনুভূতি উপস্থাপন করেন ৫০ বারের নারী প্লাটিনাম রক্তদাতা সৈয়দা রাবেয়া বসরী মুনমুন।