নেশার টাকা না পেয়ে মাকে শাবলের আঘাতে হত্যা

বরিশালের মেহেন্দিগঞ্জে টাকা না দেওয়ায় শাবল দিয়ে পিটিয়ে মাকে হত্যার অভিযোগে রবিউল ফকির (২৩) নামে এক তরুণকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজীকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। কাজিরহাট থানার ওসি সিদ্দিকুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নিরু বেগম (৫৫) ওই গ্রামের রহিম ফকিরের স্ত্রী। তাদের ছেলে রবিউল দৈনিক মজুরিভিত্তিক কৃষি শ্রমিক হিসেবে কাজ করেন।

পুলিশ সূত্র ও পরিবারের বরাতে জানা যায়, নেশা করার জন্য সকালে রবিউল মায়ের কাছে টাকা চান। টাকা না পেয়ে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং একপর্যায়ে শাবল দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করেন। গুরুতর আহত নিরু বেগমকে উদ্ধার করে স্থানীয় বাজারের একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের মামাতো ভাই সাইফুল ইসলাম অভিযোগ করেন, রবিউল মাদকাসক্ত এবং নেশার টাকার জন্য প্রায়ই মায়ের কাছে টাকা চাইতেন। এবারও টাকা না পেয়ে তিনি মায়ের মাথায় আঘাত করেন। এ ছাড়া তিনি বৃদ্ধ বাবা রহিম ফকিরকেও মারধর করে জখম করেছেন। রহিম ফকির বর্তমানে চিকিৎসাধীন।

কাজিরহাট থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় একেকজন একেক রকম কথা বলছেন। রবিউলকে জিজ্ঞাসাবাদের পরই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবলসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’