‘দ্য অস্ট্রেলিয়ান’-এর রিপোর্ট প্রত্যাহার চেয়ে জামায়াতের নোটিস

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটির সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে আইনি নোটিস দিয়েছে জামায়াত। প্রতিবেদনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগ তুলে তা প্রত্যাহার, সংশোধন ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে দলটি।

গত বুধবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, ডা. শফিকুর রহমানের পক্ষে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম পত্রিকাটির প্রকাশক নেশনওয়াইড নিউজ পিটিওয়াই লিমিটেডকে আনুষ্ঠানিক আইনি নোটিস পাঠিয়েছেন। অস্ট্রেলিয়ার ‘ডিফেমেশন অ্যাক্ট ২০০৫ (এনএসডব্লিউ)’-এর ১২এ ধারায় এ নোটিস পাঠানো হয়েছে।

জামায়াতের বিবৃতি অনুযায়ী, নোটিসে প্রতিবেদনের সাতটি বক্তব্য ও ইঙ্গিতকে মানহানিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে প্রতিবেদনটি সংশোধন ও প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

গত ২৩ নভেম্বর প্রকাশিত ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনে বলা হয়, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ‘নায়ক ও শহীদ’ হিসেবে প্রশংসা করেছিলেন ডা. শফিকুর রহমান। হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতেও শোক প্রকাশ করে তাকে শহীদ হিসেবে কবুল করার প্রার্থনা করেছিলেন তিনি। এ ছাড়া ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে দন্ডিত জামায়াত নেতাদের ‘শহীদ’ বলার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনটির এসব বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জামায়াত বলেছে, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবস্থানকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে উপস্থাপন করা উদ্দেশ্যমূলক বিকৃতি। দলটির দাবি, ডা. শফিকুর রহমান জাতি ও ধর্মনির্বিশেষে বেসামরিক মানুষের ওপর যেকোনো হামলার বিরোধী।

এ ছাড়া জামায়াতের ভাষ্য, ১৯৭১ সালে দন্ডিত নেতাদের ‘শহীদ’ বলার যে সামাজিক মাধ্যমের পোস্টের কথা প্রতিবেদনে বলা হয়েছে, সেটি ডা. শফিকুর রহমান লেখেননি; তার অ্যাকাউন্ট হ্যাক করে পোস্টটি দেওয়া হয়েছিল। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রমাণ জমা দেওয়া হয়েছে এবং একজন গ্রেপ্তার হয়েছেন বলেও দলটি দাবি করেছে।

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনে আরও বলা হয়, অস্ট্রেলিয়ার অভিবাসনবিষয়ক পরামর্শক রেমন্ড সলোমন ডা. শফিকুর রহমানের ভিসা বাতিলের আবেদন করেছিলেন। তার আবেদনে শফিকুর রহমানের অতীত বক্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে আপত্তি তোলা হয়। এ বিষয়ে জামায়াতের অভিযোগ, প্রতিবেদন প্রকাশের আগে দলটির কারও সঙ্গে যোগাযোগ করা হয়নি। রেমন্ড সলোমনের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ দিকও প্রতিবেদনে গোপন রাখা হয়েছে বলে দাবি করেছে দলটি।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা মিথ্যা প্রচারের লাইসেন্স নয়। প্রতিবেদন প্রত্যাহার, সংশোধন এবং ডা. শফিকুর রহমানের বক্তব্য প্রকাশ করে ক্ষমা না চাইলে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।