বিডিনিউজের প্রয়াত প্রধান সম্পাদকের স্মরণসভা

সব পরিচয়ের ঊর্ধ্বে সত্য বলা শিখিয়েছেন খালিদী

দেশের অনলাইন সাংবাদিকতার পথিকৃৎ তৌফিক ইমরোজ খালিদীকে স্মরণ করেছেন মন্ত্রী, রাজনীতিবিদ, সাংবাদিক, সহকর্মী, বন্ধু, শিল্পী, স্বজন ও বিশিষ্টজন। তার সাংবাদিকতা, পেশাগত আদর্শ, কর্মময় জীবন এবং ব্যক্তিগত স্মৃতির নানা দিক উঠে আসে আলোচনায়।

গত ২ অক্টোবর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। তাকে স্মরণ করে ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’ শিরোনামে গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক স্মরণসভার আয়োজন করে বিডিনিউজ পরিবার। অনুষ্ঠানে প্রয়াত এ সম্পাদকের জীবন ও কাজের নানা দিক উঠে আসে বক্তাদের স্মৃতিচারণে।

তারা বলেন, সাংবাদিকতায় ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সত্য বলা শিখিয়েছেন তৌফিক ইমরোজ খালিদী। সত্যনিষ্ঠ, নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার যে আদর্শ তিনি ধারণ করতেন, তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্যও অনুসরণীয়।

শিল্পী সুজিত মোস্তফার সঙ্গীত ও নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয়ে অনুষ্ঠান।

শুরুতেই ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশের ভিডিও বক্তব্য। অনুষ্ঠানে খালিদীর একমাত্র সন্তান বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের পরিচালক রাদ শারার খালিদীও বক্তৃতা করেন।

স্মরণসভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেটা যতটুকু বস্তুনিষ্ঠ সংবাদ হিসেবে যাওয়ার সেটাই সে করেছে। এর বাইরে আমাকে খুশি করার জন্য বা আমার সঙ্গে তার সম্পর্ক আছে, এ-রকম সে কোনো সময় করেনি এবং আমি অ্যাপ্রিশিয়েট করেছি এটা। এটাই তো হওয়া উচিত ছিল।

তিনি বলেন, সাংবাদিকতা আর সামাজিক বন্ধুত্ব একসঙ্গে হতে পারে না। এটা তো একটা পেশা। এই পেশার প্রতি যদি কারও অনেস্টি থাকে, ইন্টিগ্রিটি থাকে, এই পেশায় যদি সত্যিকার অর্থে ডেডিকেশন থাকে, সেটা সেভাবেই হওয়াটা উচিত। এই বিষয়গুলো খুবই বেশি ছিল তৌফিকের মধ্যে।

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তৌফিক খুব সাবলীলভাবে কথা বলতেন। কথাবার্তায় তার স্পষ্টতা ছিল। আমি মাঝে মাঝে তাকে রাজনৈতিক অঙ্গনে আসার অনুরোধ করতাম। কিন্তু তিনি কখনোই আমাদের মতো সরাসরি সক্রিয় রাজনীতিতে অংশ নিতে চাননি। তবে বিভিন্ন বিষয়ে তার পরামর্শ ছিল। বন্ধুর মৃত্যুসংবাদ পাওয়ার স্মৃতিচারণ করে এ্যানি বলেন, দেশের  বাইরে তার মৃত্যুর সংবাদে আবেগাপ্লুত হয়ে পড়ি। দীর্ঘদিনের বন্ধুত্ব ও সম্পর্কের কারণে বিষয়টি আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল।

বিশ্বদীপ দাশ বলেন, একজন সম্পাদকের সবচেয়ে বড় উত্তরাধিকার মনে হয় তার গড়া মানুষেরা। আজ দেশের অনেক নিউজরুমে তার হাতে গড়া সাংবাদিকরা কাজ করছেন; তার মানদন্ড শিরোধার্য করে। তিনি বলেন, আমাদের শ্রদ্ধায়, ভালোবাসায় আর সাংবাদিকতায় আরও ভালো কিছু করার অদম্য ইচ্ছায় আপনি সঙ্গী হয়ে থাকবেন, তৌফিক ভাই।

ডাকসুর সাবেক জিএস ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলেন, তৌফিক ছিলেন অনুসন্ধিৎসু, স্পষ্টবাদী ও নিভৃতচারী মানুষ। সাংবাদিকতার নীতি ও বস্তুনিষ্ঠতার প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সত্য বলার শিক্ষা দিয়েছেন। বিডিনিউজকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে প্রভাব রাখার মতো অসাধারণ দক্ষতা ছিল তার।

বহুমাত্রিক লেখক ও দৈনিক দেশ রূপান্তর সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, তৌফিক ইমরোজ খালিদীকে আমি অনেকখানি অনুসরণ করতাম। কারণ, তিনি শুদ্ধ সাংবাদিকতার চর্চার কথা বলতেন এবং তা বাস্তবায়নের চেষ্টা করতেন। আমিও আমার সাংবাদিকতার জায়গা থেকে সেই চর্চা করার চেষ্টা করেছি, এখনো করছি।

তিনি বলেন, বাংলাদেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার জগতে বিডিনিউজের মধ্য দিয়ে তৌফিক ইমরোজ খালিদী একটি নতুন পথ তৈরি করেছিলেন। তার জীবন হয়তো খুব দীর্ঘ ছিল না, কিন্তু কাজ ছিল অনেক বড়। বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে তার নাম স্থায়ীভাবে লেখা থাকবে।

তৌফিক ইমরোজ খালিদীর সাংবাদিকতাকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করারও আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে দলীয় মতাদর্শের চেয়ে সত্য প্রকাশের দায়বদ্ধতা বড়। ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাস সত্য প্রকাশে বাধা হয়ে দাঁড়ালে সাংবাদিকতা আর সাংবাদিকতা থাকে না, তা দলীয় সমর্থনে পরিণত হয়। এই জায়গায় তৌফিক ইমরোজ খালিদী ছিলেন ব্যতিক্রম।

স্মরণসভায় এসেছিলেন ব্রিটিশ মানবাধিকারকর্মী ও বাংলাদেশের বন্ধু জুলিয়ান হেনরি ফ্রান্সিস, সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফায়েজ আহমেদ ও ইকতিয়ার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান চৌধুরী, বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, চিত্রশিল্পী মনিরুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু, বিটিভির সাবেক উপ-মহাপরিচালক খ ম হারূন প্রমুখ।