জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা চাইলেন অ্যাটর্নি জেনারেল

আ.লীগ সরকারের সময় শতাধিক গুম-খুনের মামলায় সাবেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজার আরজি জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস কাজল। তবে তিনি মনে করেন, জিয়াউল আহসান যেসব নৃশংস অপরাধে অভিযুক্ত হয়েছেন, তাতে মৃত্যুদন্ডের সাজাও একটি শিশির কণার মতো। জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা না হলে সভ্যতা টিকে থাকবে না বলেও মন্তব্য করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের মামলায় শুনানিকালে এসব কথা বলেন তিনি।

গত ১৯ নভেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে ১৫তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গত রবিবার আসামিরপক্ষে সাফাই সাক্ষ্যগ্রহণ হয়। গত মঙ্গলবার এ মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি শুরু হয়। গত বুধবার চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম শুনানি করেন। গতকাল আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নেন। আগামী রবিবার আসামিপক্ষে যুক্তিতর্কের শুনানির দিন ধার্য করেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল।  

শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এই অভিযুক্ত অপরাধী (জিয়াউল আহসান) যেসব অপরাধ করেছেন তা কেবল আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ নয়; তা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে অপরাধ এবং সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে অপরাধ। পৃথিবীর প্রতিটি মানুষ এ অপরাধের ভিকটিম।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রাষ্ট্রের অস্ত্র জনগণের নিরাপত্তার জন্য, জনগণের জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। রাষ্ট্রীয় ক্ষমতা মানুষের অধিকার রক্ষার জন্য, মানুষকে গুম করার জন্য নয়। কোনো পদ, দায়িত্ব, ইউনিফর্ম কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিচয় কাউকে এসব অপরাধ থেকে দায়মুক্তি দিতে পারে না। বরং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এমন অপরাধ সংঘটিত হলে তার জবাবদিহি আরও জরুরি হয়ে ওঠে।’

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, “দার্শনিক হেগেল বলেছেন ‘শাস্তি পাওয়া অপরাধীর অধিকার।’ লিগ্যাল ফিলোসোফার হার্বার্ট মরিস বলেছেন ‘শাস্তি পাওয়া অপরাধীর মৌলিক অধিকার।’ অন্যথায় ধরে নেওয়া হতে পারে সমাজ বা রাষ্ট্র অপরাধীকে বোধবুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করছে না।”

তিনি বলেন, ‘আজ বিচার না হলে অপরাধের শিকার মানুষ ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা থাকবে না। এ রকম নৃশংস অপরাধীর দৃষ্টান্তমূলক সাজা না হলে সভ্যতা টিকে থাকবে না।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা এবং মানুষের জীবনে এর ভয়াবহ প্রভাব বিবেচনায় এ অপরাধের জন্য কোনো শান্তি যথেষ্ট নয়। একবার মৃত্যুদন্ডের সাজা এত মানুষের রক্তপাত, প্রাণহানি, পারিবার ও স্বজনদের দুর্ভোগের তুলনায় অতিসামান্য। তার অপরাধ সমুদ্রসমান, তাকে মৃত্যুদন্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।’

তিনি বলেন, ‘আমাদের মেনে নিতে হবে, যে সভ্যতার সীমাবদ্ধতা রয়েছে, বিচারব্যবস্থারও সীমাবদ্ধতা রয়েছে+ একজন ব্যক্তি শতসহস্র মানুষকে হত্যা করলেও তাকে একবারের বেশি চরম সাজা দেওয়া যায় না। তাই সব সীমাবদ্ধতা স্বীকার করে আইন যে সর্বোচ্চ শাস্তির বিধান রেখেছে, প্রসিকিউশনের পক্ষ থেকে তা প্রয়োগের দাবি জানাই।’

জিয়াউল আহসানকে নৃশংস খুনি, ঘৃণ্য বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার এবং বিশ্ব মানবতার কলঙ্ক আখ্যায়িত করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তার প্রতিটি অভিযোগে বাংলাদেশের জনগণের পক্ষে আমি তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার এবং তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভিকটিমদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিনীত নিবেদন করছি।’

গ্রামের বাড়িতে ‘খুনির বাড়ি’ লেখা ব্যানার

বরিশাল প্রতিনিধি জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বরিশাল নগরীর বাড়ির সামনে ‘খুনির বাড়ি’ লেখা ব্যানার ও পোস্টার টাঙিয়েছেন একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গতকাল বৃহস্পতিবার এ সময় বাড়ির সামনে আহাজারি করেন গুমের শিকার সহোদর ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম। সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ফিরোজা বেগম জানান, দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাননি। দীর্ঘদিন ধরে তিনি সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় আছেন। সন্তানদের কী অপরাধ ছিল, কেন তাদের এভাবে নিখোঁজ করা হলো? এ প্রশ্নের উত্তর চান তিনি। সন্তানদের সন্ধান ও ঘটনার বিচার দাবি করেন এই মা।

নাঈম নামে এক ব্যক্তি এ সময় বলেন, জিয়াউল আহসান মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে তারা মনে করেন। তার বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। এসব অপরাধের সুষ্ঠু বিচার চান তারা। বরিশালের ছাত্র-জনতার দাবি, জিয়াউল আহসানের প্রকাশ্যে ফাঁসি কার্যকর করতে হবে।

একপর্যায়ে বিক্ষুব্ধরা জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে সেøাগান দেন। পরে বাড়ির গেটে ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা নামফলক লাগানো হয় এবং কালি দিয়ে মুছে ফেলা হয় বাড়ির আগের নাম ‘তাসফিয়া মঞ্জিল’। বাড়ির সামনে জিয়াউলের হাতে নিহত ও গুম হওয়া ব্যক্তিদের তালিকাসহ একটি ব্যানারও ঝোলানো হয়।