'রাশিয়ার বিরুদ্ধে কঠোর হচ্ছে না ওয়াশিংটন', আরও যতো ক্ষোভ জেলেনস্কির

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা সরবরাহে মার্কিন বিলম্বের কারণে ইউক্রেনের মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে। একই সঙ্গে শান্তি আলোচনায় রাশিয়ার ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করছে না ওয়াশিংটন। 

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন। কিয়েভের কেন্দ্রস্থলে নিজের কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও বিস্ময় প্রকাশ করেন।

সম্প্রতি ট্রাম্প পুতিনকে আলিঙ্গন করছেন—এমন একটি ছবি প্রকাশ করে তাকে ‘আমার বন্ধু’ বলে উল্লেখ করেন। বিষয়টি নিয়ে জেলেনস্কি বলেন, ‘অবশ্যই, এটি মার্কিন প্রেসিডেন্টের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু বিষয়টি অদ্ভুত।’

তিনি আরও বলেন, ‘পুতিন একজন আগ্রাসী ও হত্যাকারী। তিনি কারও বন্ধু হতে পারেন না। এটা অসম্ভব।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে বন্ধুত্বের কথা বলার সঙ্গে বিষয়টিকে তুলনা করেন তিনি।

২০২৫ সালে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বেশ সতর্ক অবস্থান নিয়েছেন জেলেনস্কি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্পের দুই বিশেষ দূত। তবে তাদের অবস্থান অনেক ক্ষেত্রেই কিয়েভের তুলনায় মস্কোর দাবির সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে।

চলতি মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সর্বশেষ দফার আলোচনা অনুষ্ঠিত হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে জেলেনস্কি বলেন, ‘আমরা যত বেশি জানতে পারছি, সমস্যাও তত বাড়ছে।’ আগামী ডিসেম্বর মাসে আবারও আলোচনা শুরুর কথা রয়েছে।

বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকে তিনি রাশিয়াকে ইউরোপজুড়ে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তির সম্ভাবনাও বেশ জোরালো বলে মন্তব্য করেন তিনি।

তবে রাশিয়ার সাম্প্রতিক বক্তব্যে দেশটির আগের কঠোর অবস্থান থেকে সরে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ে মস্কো তাদের অনড় অবস্থান বজায় রেখেছে। শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরা অংশ নেবেন কি না, সেটিও এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের বিশেষ দূতেরা ইউরোপের অংশগ্রহণের কথা জানালেও ক্রেমলিন তাতে আপত্তি জানাচ্ছে বলে মনে হচ্ছে।

রাশিয়ার ওপর কার্যকর চাপ প্রয়োগ করতে সক্ষম ‘প্রকৃত ও কার্যকর মিত্রদের’ পাশে চেয়েছেন জেলেনস্কি। একই সঙ্গে শক্তিশালী রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও আন্তর্জাতিক প্রভাব কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি। 

জেলেনস্কির ভাষায়, ‘আপনি যখন একজন আগ্রাসীর সঙ্গে অতিরিক্ত নিরপেক্ষ আচরণ করেন, তখন এর অর্থ দাঁড়ায়, আপনি একই সঙ্গে আক্রান্ত ব্যক্তি ও আগ্রাসী—উভয়কেই সমর্থন করছেন। এটা ঠিক নয়।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বক্তব্য, দুই পক্ষের মধ্যে দীর্ঘস্থায়ী ও কার্যকর শান্তিচুক্তি প্রতিষ্ঠার জটিল প্রক্রিয়ায় তারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে।