ঢাকায় ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

রাজধানী ঢাকায় আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫তম ‘ইক্বরা’ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৬। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের চত্বরে বাদ জুমা থেকে রাত ১০টা পর্যন্ত এ সম্মেলন চলবে।

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) আয়োজিত এ সম্মেলনে পৃষ্ঠপোষকতা করছে পিএইচপি ফ্যামিলি এবং সহযোগিতা করছে ইসলামিক ফাউন্ডেশন। সংস্থাটির প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে এবারের সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মহিবুল্লাহ হিল বাকী নদভী, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব তানভির আহমাদ এবং বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এজাজ আহমেদের।

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত সুফী মোহাম্মদ মিজানুর রহমান। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদেরও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এবারের সম্মেলনে মিসর, ইরান, আফগানিস্তান, তুরস্ক ও ইরাকের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারীরা পবিত্র কুরআন তিলাওয়াত করবেন। অংশগ্রহণকারী ক্বারীদের মধ্যে রয়েছেন মিসরের ড. মুফতি মাহমুদ কামাল নাজ্জার, ইরানের উস্তায ক্বারী মাহদি আদেলী, আফগানিস্তানের উস্তায ক্বারী আলী রেজা রেয়াঈ, তুরস্কের শাইখ ক্বারী হুসাইন তুরকান এবং ইরাকের ড. খাইরুদ্দিন আল-হাদী।

সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর সভাপতি ও বিশ্বখ্যাত ক্বারী উস্তায শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।

আয়োজক সূত্রে জানা গেছে, ১৯৬৬ সালে উপমহাদেশে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও ইলমে ক্বিরাতের প্রচার-প্রসারের লক্ষ্যে ইমামুল কুররা হজরত মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহ.)-এর উদ্যোগে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) প্রতিষ্ঠিত হয়।

স্বাধীনতার পর ১৯৯১ সাল থেকে সংস্থাটি বাংলাদেশে ২৪টি আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করেছে। আগামী ৪ ডিসেম্বরের আয়োজনটি হবে বাংলাদেশে সংস্থাটির উদ্যোগে ২৫তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন।