বার্তাসংস্থা এএফপি’তে সাইবার হামলা

সাইবার হামলার শিকার হয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি)। হামলার পর সংস্থাটির গ্রাহকদের সংবাদ, ছবি ও অন্যান্য কনটেন্ট সরবরাহের অন্যতম মাধ্যম ‘এএফপি ফোরাম’ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কারা এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখছে সংস্থাটি।

বৃহস্পতিবার এএফপির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ফ্রান্সভিত্তিক সংবাদ সংস্থাটির ওপর সাইবার হামলার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। হামলার উৎস ও এর পেছনে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।

এএফপির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি অভ্যন্তরীণ ই-মেইলে বলা হয়, ‘রাত দেড়টার দিকে (প্যারিস সময়) এএফপির ওপর সাইবার হামলা শুরু হয়। হামলার লক্ষ্য ছিল এএফপি ফোরাম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের গ্রাহকেরা সংবাদ ও অন্যান্য কনটেন্ট দেখতে এবং ডাউনলোড করতে পারেন।’

ই-মেইলে আরও বলা হয়, অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সংস্থাটির প্রযুক্তি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এএফপি ফোরাম বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্ল্যাটফর্মটি বন্ধ থাকবে।

প্ল্যাটফর্মটি বন্ধ থাকায় গ্রাহকদের সংবাদ ও অন্যান্য কনটেন্ট সরবরাহ অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থাও চালু করছে এএফপি।

এদিকে ফ্রান্সের সাইবার নিরাপত্তা সংস্থার প্রধান ভিনসেন্ট স্ত্রুবেল বৃহস্পতিবার সতর্ক করে বলেছেন, দেশটি বর্তমানে নজিরবিহীন মাত্রার সাইবার নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিতভাবে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ত্রুবেল বলেন, ‘আমরা এমন এক মাত্রার হুমকির মুখে রয়েছি, যার তীব্রতা আগে কখনো দেখিনি।’

ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক সাইবার হামলার ঘটনা ঘটছে। এর সর্বশেষ উদাহরণ এএফপির ওপর হামলা।

এর আগে সুইজারল্যান্ডের জুরিখভিত্তিক আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফাও সাইবার হামলার শিকার হওয়ার কথা নিশ্চিত করে। বৃহস্পতিবার আলজাজিরাকে দেওয়া এক বক্তব্যে সংস্থাটি জানায়, হামলাকারীরা অননুমোদিতভাবে তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যভান্ডারে প্রবেশের সুযোগ পেয়েছিল।

গত অক্টোবরেও ফ্রান্সের বেশ কয়েকটি সুপারমার্কেট সাইবার হামলার শিকার হয়। ওই হামলার ফলে দোকানগুলোর ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ঘটনাটিকে নজিরবিহীন বলে উল্লেখ করা হয়েছিল।