জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং জনসেবামূলক খাতের সংকটের প্রতিবাদে শনিবারও (১৪ নভেম্বর) ফ্রান্সের বিভিন্ন শহরে রাজপথে নেমেছেন হাজারো মানুষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে শনিবারের বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল সবচেয়ে কম। খবর ডয়চে ভেলে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার দেশজুড়ে বিক্ষোভে অংশ নেন প্রায় ১ লাখ ৬ হাজার মানুষ। এর মধ্যে শুধু রাজধানী প্যারিসেই মিছিল করেন ২৪ হাজার মানুষ। আগের সপ্তাহান্তে দেশজুড়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন প্রায় ১ লাখ ৪৬ হাজার মানুষ।
বিক্ষোভের পাশাপাশি আটকের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শনিবার দেশজুড়ে ২১৯ জনকে আটক করেছে পুলিশ।
বিক্ষোভের বেশির ভাগ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হলেও প্যারিস, বোর্দো এবং পশ্চিমাঞ্চলীয় শহর নান্তে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। কয়েকজন বিক্ষোভকারী আতশবাজি ছোড়ার পরও পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে।
ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ফ্রান্সে এক মাসেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে চলছে গণবিক্ষোভ।
গত সেপ্টেম্বরে শিক্ষকদের সংকট ও শিক্ষাপ্রতিষ্ঠানের জরাজীর্ণ অবকাঠামোর প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে বিক্ষোভের সূচনা হয়। পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জনসেবামূলক খাতের সংকট এবং পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের বিরুদ্ধে ক্ষোভ থেকে তা বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।
গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ফ্রান্সজুড়ে প্রায় ৫ লাখ ৬৫ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। ওই সময় দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকে কেন্দ্র করে দাঙ্গা, লুটপাট ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ নিয়ে টানা পঞ্চম সপ্তাহান্তে দেশজুড়ে অস্থিরতার মুখে পড়েছে ফ্রান্স। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক জনমত জরিপগুলোতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জনপ্রিয়তায় বড় ধরনের পতনের চিত্র উঠে এসেছে। ২০১৭ সালে ক্ষমতা গ্রহণের পর বর্তমানে তার জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
তবে বিক্ষোভকারীদের দাবির বিষয়ে সরকারের পক্ষে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত। দেশটির বিপুল সরকারি ঋণের কারণে আন্দোলনকারীদের দাবিগুলো পূরণে সরকারকে আর্থিক সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে।